ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনায় প্রত্যর্পণ চুক্তি, কী আছে এতে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বিষয়ে তথ্য চেয়ে তার আইনি পরামর্শকদের আবেদনের পর ব্যাপকভাবে আলোচনায় আসে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি, যা এখনও চলমান।

বাংলাদেশ সরকারের দিক থেকে শেখ হাসিনা একমাত্র প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আসতে পারেন বলে বলা হচ্ছে।

এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়েও শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ করেছিল বাংলাদেশ। তবে ভারত বরাবরই এ ইস্যুতে আইনি প্রক্রিয়ার কথা বলে আসছে।

সম্প্রতি এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়। আইন অনুযায়ীই সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বলছেন, চুক্তির ভেতরেই বলা আছে যে প্রত্যর্পণ কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে আর কোন ক্ষেত্রে হবে না।

শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে বাংলাদেশ সরকারের দিক থেকে শুধু প্রত্যর্পণের কথা বলায় অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে যে, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে।

প্রত্যর্পণ কী
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার জাতীয় সংসদে দুবাইয়ে আটক হয়ে পরে জামিন পাওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন।

ওই বিবৃতিতে তিনি বলেছেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেপ্তারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে।

মূলত পলাতক অপরাধীদের প্রত্যর্পণ সংক্রান্ত ‘বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪’ নামের একটি আইন আছে এবং সেই আইন অনুযায়ী পলাতক অপরাধীদের ফেরাতে প্রত্যর্পণ চুক্তি করার বাধ্যবাধকতা আছে।

বাংলাদেশের সঙ্গে এখন দুটি দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এর মধ্যে একটি দেশ ভারত এবং অপর দেশটি থাইল্যান্ড। শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশ সরকার এই প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রত্যর্পণ করার কথা বলছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ২০১৩ সালের জানুয়ারিতে। পরে এই চুক্তির আওতাতেই বাংলাদেশ অনুপ চেটিয়াকে ও ভারত নারায়ণগঞ্জের আলোচিত সাত হত্যার আসামি নূর হোসেনকে হস্তান্তর করে।

পরে ২০১৬ সালে চুক্তির একটি ধারা সংশোধন করা হয়, যার ফলে কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্যপ্রমাণ পেশ না করলেও চলবে—শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে।

ভারতীয় অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, বাংলাদেশ প্রত্যর্পণের কথা বলছে আর ভারত সরকার এ বিষয়ে শুধু আইনি প্রক্রিয়ার কথা বলে যাচ্ছে। কিন্তু ওই চুক্তিতেই আসলে বলা আছে যে, এখানে প্রত্যর্পণ সম্ভব হবে কিনা। প্রত্যর্পণ প্রসঙ্গ এলে ওই চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা যায় কিনা, সেটিও নিশ্চয়ই বিবেচনায় আসবে। সব মিলিয়ে আমার মনে হয়, ভারতের দিক থেকে এটি সম্ভব হবে না। তবে মনে রাখতে হবে যে শেখ হাসিনা নিজেই এখন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

চুক্তিতে কী আছে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চুক্তির যে কপি দেওয়া আছে, তার দুই নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণযোগ্য অপরাধ কোনগুলো হবে তার একটি তালিকা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে এমন কোনো আচরণ বা কার্যকলাপকে বোঝাবে, যা উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইন অনুযায়ী কমপক্ষে এক বছর মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয়।

দ্বিতীয়ত, কোনো অপরাধ কর বা রাজস্ব-সংক্রান্ত হওয়া সত্ত্বেও অথবা সম্পূর্ণরূপে আর্থিক বা রাজস্বগত প্রকৃতির অপরাধ হলেও, তা প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

তৃতীয়ত, কোনো অপরাধ উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইন অনুযায়ী শাস্তিযোগ্য কি না, তা নির্ধারণের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচ্য হবে না যে, উভয় রাষ্ট্রের আইন অপরাধটি সংঘটনকারী কাজ বা কাজ থেকে বিরত থাকাকে একই শ্রেণির অপরাধ হিসেবে চিহ্নিত করেছে কিনা কিংবা অপরাধটির নামকরণে একই পরিভাষা ব্যবহার করেছে কিনা।

চতুর্থত, কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধ সংঘটনের চেষ্টা করা অথবা ওই অপরাধ সংঘটনে সহায়তা করা, প্ররোচনা দেওয়া, উসকানি দেওয়া কিংবা সহযোগী হিসেবে অংশগ্রহণ করার ক্ষেত্রেও প্রত্যর্পণ মঞ্জুর করা হবে।

এই চুক্তির তৃতীয় অনুচ্ছেদে একাধিক কার্যক্রমের সমন্বয়ে গঠিত অপরাধের ক্ষেত্রে বলা হয়েছে, এই চুক্তি অনুযায়ী কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ মঞ্জুর করা যাবে, এমনকি প্রত্যর্পণ চাওয়া ব্যক্তির সংশ্লিষ্ট কার্যকলাপ সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত হলেও।

তবে শর্ত থাকে যে, ওই রাষ্ট্রের আইন অনুযায়ী সংশ্লিষ্ট কার্যকলাপ এবং এর ফলাফল অথবা প্রত্যাশিত ফলাফল সামগ্রিকভাবে বিবেচনা করলে তা অনুরোধকারী রাষ্ট্রের ভূখণ্ডে একটি প্রত্যর্পণযোগ্য অপরাধ সংঘটন হিসেবে গণ্য হতো।

রাজনৈতিক চরিত্রের অপরাধ নিয়ে কী বলা হয়েছে
শেখ হাসিনার সমর্থকদের অনেকেই চুক্তির ৬ নম্বর ধারাটিকে সামনে নিয়ে এসেছেন। তাদের দাবি, ওই ধারার কারণেই শেখ হাসিনাকে প্রত্যর্পণের সুযোগ আইনত ভারতের নেই।

‘রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম’ শীর্ষক ওই অনুচ্ছেদে বলা হয়েছে, যে অপরাধের জন্য প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে, সেটি রাজনৈতিক চরিত্রের অপরাধ হলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে।

অর্থাৎ যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হবে, তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তাহলে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা যাবে।

তবে ওই অনুচ্ছেদ অনুযায়ী এই চুক্তির ক্ষেত্রে কিছু অপরাধ রাজনৈতিক চরিত্রের অপরাধ হিসেবে গণ্য হবে না। এর মধ্যে আছে—উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্র যে বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তির পক্ষভুক্ত, সেসব চুক্তির অধীন বাধ্যবাধকতা অনুযায়ী যেসব কাজ বা কাজ থেকে বিরত থাকা ফৌজদারি অপরাধ হিসেবে শাস্তিযোগ্য, হত্যা, অনিচ্ছাকৃতভাবে হত্যা বা অপরাধমূলক নরহত্যাসহ কয়েকটি বিষয়।

এই তালিকায় আরও রয়েছে—এমন বিস্ফোরণ ঘটানো, যা মানুষের জীবন বিপন্ন করতে পারে অথবা সম্পত্তির গুরুতর ক্ষতিসাধন করতে পারে; কোনো ব্যক্তির নিজের দ্বারা অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে মানুষের জীবন বিপন্ন করা কিংবা সম্পত্তির গুরুতর ক্ষতিসাধনের উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থ তৈরি বা নিজের দখলে রাখা; নিজের দ্বারা অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে মানুষের জীবন বিপন্ন করার উদ্দেশ্যে কোনো ব্যক্তির আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ নিজের দখলে রাখা; নিজেকে বা অন্য কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করা প্রতিরোধ বা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তির আগ্নেয়াস্ত্র ব্যবহার করা।

এ ছাড়া জনসাধারণের উপযোগী সেবায় ব্যবহৃত হোক বা অন্য কোনো কাজে ব্যবহৃত হোক, এমন সম্পত্তির ক্ষতিসাধন করা—যার উদ্দেশ্য মানুষের জীবন বিপন্ন করা অথবা অন্য কোনো ব্যক্তির জীবন বিপন্ন হতে পারে জেনেও বেপরোয়াভাবে এমন কাজ করা, অপহরণ, বলপূর্বক তুলে নিয়ে যাওয়া, বেআইনিভাবে আটক রাখা বা স্বাধীনতাবঞ্চিত করা, জিম্মি করা এবং হত্যাকাণ্ডে প্ররোচনা দেওয়াসহ আরও কিছু বিষয় এই তালিকার আওতায় রাখা হয়েছে।

চুক্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ আছে?
চুক্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রাখা হয়েছে। চুক্তির ৮ অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের ভিত্তিসমূহ বলা হয়েছে।

এ অনুচ্ছেদ অনুযায়ী, একজন ব্যক্তিকে যেসব কারণে প্রত্যর্পণ করা যাবে না তার মধ্যে আছে—সংশ্লিষ্ট ব্যক্তি যদি অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারেন যে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে।

কিংবা যে অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে অথবা যে অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সেই অপরাধের তুচ্ছ বা লঘু প্রকৃতি বা কথিত অপরাধ সংঘটনের পর অথবা বেআইনিভাবে পলাতক হওয়ার পর, ক্ষেত্রমত, দীর্ঘ সময় অতিবাহিত হওয়া এবং তার বিরুদ্ধে আনা অভিযোগটি ন্যায়বিচারের স্বার্থে করা হয়নি।

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর তিনি যে বিবৃতি দিয়েছিলেন, সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা জানিয়েছিলেন।

ওই রায়ের পর তখনকার অন্তর্বর্তী সরকার ও পরে বিএনপি সরকারের দিক থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরতে হবে বলে বলা হচ্ছে।

এখন শেখ হাসিনার দিক থেকে তার আইনি পরামর্শকরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠানোর পর থেকে প্রত্যর্পণ ইস্যুটি আবারও আলোচনায় এসেছে এবং তা চলমান থাকবে বলে মত বিশ্লেষকদের।

সূত্র: বিবিসি বাংলা

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লাল গালিচায় নয়, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরতে হবে হাসিনাকে: তথ্য প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকরের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির মাধ্যমেই ফিরতে হবে। প্রতিমন্ত্রী বলেন, প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত কাউকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে কিংবা ফুলের পাপড়ি ছিটিয়ে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যারা দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইয়াসের খান চৌধুরী বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকর করা হবে। বাংলাদেশের আইন সবার শ্রদ্ধা করা উচিত। একইভাবে অন্য দেশের আইনকেও সংশ্লিষ্ট দেশগুলোর সম্মান জানাতে হবে। ময়মনসিংহের সাংবাদিকদের মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, জেলার উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বৃহত্তর স্বার্থে সবাইকে নিয়ে একটি বৃহৎ সাংবাদিক পরিবার গড়ে তোলার আহ্বান জানান তিনি। ময়মনসিংহ বিভাগের অবকাঠামোগত উন্নয়নে ৩ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন প্রশাসনিক ও পরিকল্পনাগত ধাপ অতিক্রম করতে হয়। এরই মধ্যে পরিকল্পনা দল প্রাথমিক ধাপ পেরিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিভাগের প্রতিটি উপজেলায় উন্নয়নের সুফল পৌঁছাবে। তিনি আরও বলেন, ময়মনসিংহের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামের সড়ক, সেতু এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নে সরকার পরিকল্পনা নিয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এসব এলাকার উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করতে চায় সরকার। সাংবাদিকদের কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক অসচ্ছলতা, অসুস্থতাসহ বিভিন্ন সংকটে সাংবাদিকদের সহায়তা দেওয়া হয়। এ খাতে অনুদানের পরিমাণ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জন্যও সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন। ঢাকার যানজট পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগে শহরে যানবাহনের গড় গতি ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার থাকলেও বর্তমানে তা বেড়ে ১১ থেকে ১২ কিলোমিটারে পৌঁছেছে। যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বয়ংক্রিয় ক্যামেরা ও ট্রাফিক লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এ ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হবে। তিনি অভিযোগ করেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি নিষিদ্ধ সংগঠন বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। আগুন সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। এসব অপতৎপরতা রুখতে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হামিদুল হক মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য জাকির হোসেন বাবুল, লুৎফাহিল মাজেদ বাবু, আকতারুজ্জামান বাচ্চু ও কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, টাঙ্গাইল জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাংবাদিক লুৎফুল বারী হামিম, দৈনিক আজকের খবরের সম্পাদক মোশারফ হোসেন, মোহনা টেলিভিশনের হেড অব নিউজ রাশেদুল হক, সাংবাদিক বাদল সরকার, সৌরভ জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম, সামছুর রহমান শামস ও দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব গোলাম কিবরিয়া। আরটিভি/এসআর
লাল গালিচায় নয়, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরতে হবে হাসিনাকে: তথ্য প্রতিমন্ত্রী
হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের শিরোনামগুলো বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
পলাতক শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শিরোনামগুলো বিভ্রান্তিকর এবং মূল সূত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।
হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের শিরোনামগুলো বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী
সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি কারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেছেন, নতুন বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা পুনরুজ্জীবিত হলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে কলেজ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন তিনি। সরকারি মালিকানাধীন বন্ধ শিল্পকারখানা চালু এবং নতুন শিল্পে ঋণ দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী আবদুল মুক্তাদির বলেন, সরকারি মালিকানাধীন অধিকাংশ শিল্পকারখানার আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের জন্য কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।  তিনি বলেন, আগামী বছরের শুরু থেকে এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে। সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি কারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নতুন শিল্পে বিনিয়োগের জন্য ঋণ দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, কৃষিতে বাংলাদেশের উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে। আবদুল মুক্তাদির বলেন, একসময় পেঁয়াজে আমদানি নির্ভরতা থাকলেও বর্তমানে দেশের চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। তরুণদের এ খাতে সম্পৃক্ত করতে পারলে কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতি—উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে। আরটিভি/এসআর
সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা, ঈদে মিলবে লম্বা ছুটি
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০২৬ সালের ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর ৫ নভেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। 
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা, ঈদে মিলবে লম্বা ছুটি
আরও পড়ুন
‘ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না’
সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশাল সুখবর, ফ্লাইটের তারিখ ঘোষণা
নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে পাকিস্তানের টিসিপির সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে টিসিবি