ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে বিদায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার পদক্ষেপ নিচ্ছে। কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও সরকার কাজ শুরু করবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন এই আশা করি।

দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর এই কার্যক্রম আজ থেকে শুরু হয়।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে এসব কর্মীকে নির্বাচিত করা হয়েছে।

তারা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। পাশাপাশি নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে। কর্মীদের অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।

এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে গত ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি। বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর
আগামী শনিবার থেকে দেশের সব কলকারখানা স্বাভাবিকভাবে চালু হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একইসঙ্গে শ্রমিক পরিচয়ে কেউ শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর
আগামী ২৯ ডিসেম্বর বিসিক শিল্পমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশীয় পণ্যের পরিচিতি বৃদ্ধি, স্থানীয় উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ এবং ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের বিকাশে আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিসিক শিল্পমেলা।  বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত ‘বিসিক শিল্পমেলা এক জেলা এক পণ্য ২০২৬’ শীর্ষক এই আয়োজন বসবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। একই আয়োজনে দেওয়া হবে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’।    বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তেজগাঁওয়ের বিসিক কার্যালয়ে এক অনুষ্ঠানে মেলার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বেনজীর আহমেদ। বিসিক জানায়, মেলায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনদিন ব্যাপী মেলায় দেড় থেকে দুই লাখ দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে আশা আয়োজকদের। ‘দেশ থেকে বিশ্বে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ মেলায় দেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য ৬৪টি স্টল থাকবে। পাশাপাশি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের পৃথক কর্নার, ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের প্রদর্শনী এবং হস্ত ও কারুশিল্প তৈরির সরাসরি কার্যক্রম দেখার সুযোগ থাকবে। বিসিক চেয়ারম্যান বলেন, এ আয়োজনকে শুধু একটি শিল্পমেলা বা পুরস্কার প্রদান অনুষ্ঠান হিসেবে দেখতে চায় না বিসিক। বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প, দেশীয় পণ্য, স্থানীয় উদ্যোক্তা ও কারুশিল্পীদের সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সমন্বিত উদ্যোগ হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগ বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে ‘এক জেলা এক পণ্য’ শিল্পমেলার আয়োজন করা হচ্ছে। বাংলাদেশের প্রতিটি জেলার নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, উৎপাদন সক্ষমতা ও বিশেষায়িত পণ্য রয়েছে। জামদানি, তাঁত, নকশিকাঁথা, মৃৎশিল্প, বাঁশ-বেতের সামগ্রী, পাটজাত পণ্যসহ বিভিন্ন কৃষি ও খাদ্যভিত্তিক পণ্যের অনেকগুলোরই জাতীয় ও আন্তর্জাতিক বাজারে কাঙ্ক্ষিত পরিচিতি তৈরি হয়নি। এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, বিসিক জেলাভিত্তিক মেলা করে এবং এখন বিসিকের একটি ক্যালেন্ডারও আছে। প্রতি মাসেও বিসিক ভবনে মেলা হয়। কিন্তু এত বৃহৎ পরিসরে এবং নির্বাচনি ইশতেহারের সঙ্গে অ্যালাইনমেন্ট করে বিসিক এই প্রথম এই মেলার আয়োজন করছে।   তিনি আরও বলেন, পাঁচটি ক্যাটাগরিতে ১২ জনকে জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬ দেওয়া হবে। সেগুলো হলো শ্রেষ্ঠ কারুশিল্পী— কারু রত্ন একটি। দক্ষ কারুশিল্পী— কারু গৌরব পাঁচটি। ক্ষুদ্র ও নৃগোষ্ঠী দক্ষ কারুশিল্পী— কারু কিরণ দুইটি। দক্ষ নারী কারুশিল্পী— কারু জ্যোতি দুইটি। তরুণ দক্ষ কারুশিল্পী— কারু প্রতিভা দুইটি। মোট ১২ জন। অনুষ্ঠানে জানানো হয়, দেশের ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্প সংরক্ষণ, বিকাশ এবং কারুশিল্পীদের সৃজনশীলতা, দক্ষতা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। এ পুরস্কার দেওয়া হবে জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার নীতিমালা, ২০২৬-এর আলোকে। বিসিকের পক্ষ থেকে বলা হয়, মাটির সামগ্রী, নকশিকাঁথা, জামদানি, তাঁত, বাঁশ-বেত, পাটজাত পণ্য, কাঠ ও ধাতুর কারুশিল্পসহ বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে অসংখ্য কারুশিল্পীর শ্রম ও সৃজনশীলতা জড়িয়ে রয়েছে। তাদের দক্ষতা ও অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে কারুশিল্পের সঙ্গে সম্পৃক্ত করতে এ পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে মেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানসংক্রান্ত তথ্য সহজে সবার কাছে পৌঁছে দিতে সংবাদ সম্মেলনে একটি বিশেষ ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। এতে আয়োজনের উদ্দেশ্য, কর্মসূচি, অংশগ্রহণের বিবরণ, বিভিন্ন ঘোষণা ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। মেলায় অংশগ্রহণ করতে উদ্যোক্তাকে কোনো ফি দিতে হবে না বলে জানিয়েছেন বেনজীর আহমেদ। তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা। এই জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্টল পাবেন উদ্যোক্তারা। আরটিভি/এসআর
আগামী ২৯ ডিসেম্বর বিসিক শিল্পমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ প্রশ্নে যা বললেন হুমায়ুন কবির
বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ঘোষণায় বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ প্রশ্নে যা বললেন হুমায়ুন কবির
লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি
লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৩ অনিয়মিত বাংলাদেশি নাগরিক। বুধবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের ফেরানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ফেরা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাঁদের অনেকে সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিমানবন্দরে প্রত্যাবসিত ব্যক্তিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। এ সময় জনসচেতনতা বাড়াতে লিবিয়ায় তাঁদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। আইওএমের পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেককে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার ও আইওএমের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আরটিভি/টিআর
লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি
শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ এবং তাদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।   ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সময়ে নিখোঁজ হওয়া শিশুদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় তারা শিশু অপহরণ ও নিখোঁজের ঘটনা, কন্যাশিশুদের সাইবার নিরাপত্তা এবং নিখোঁজ শিশুদের তদন্ত ও উদ্ধারে বিভিন্ন সমস্যা ও অন্যান্য বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।   সাদাত রহমান নিখোঁজ শিশুদের সন্ধান ও উদ্ধারে ফাউন্ডেশনের উদ্যোগ ‘মুন অ্যালার্ট’, শিশুদের অনলাইন নিরাপত্তায় ‘সাইবার টিনস’ এবং হেল্পলাইন ১৩২১৯-এর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।  মুন অ্যালার্ট দেশব্যাপী কার্যকর করা, দীর্ঘদিন নিখোঁজ শিশুদের উদ্ধারে বিশেষ জাতীয় অভিযান পরিচালনা এবং শিশুদের অনলাইন নিরাপত্তা ও সুরক্ষা কার্যক্রম জোরদারে তাঁরা রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।   রাষ্ট্রপতি নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানান। প্রতিনিধিদলের উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে তিনি তাঁদের আশ্বস্ত করেন।   শিশুদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি এসব কার্যক্রমে আরও মানুষকে সম্পৃক্ত করা এবং কাজের পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে এ ধরনের উদ্যোগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন তিনি।   শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় আরও জোরদারেরও আহ্বান জানান রাষ্ট্রপতি।  এ বিষয়ে তিনি একটি বিশেষ সেল গঠনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। শিশুদের নিরাপত্তা ও সুরক্ষায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও সুরক্ষিত শৈশব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।   সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
আরও পড়ুন
সাইকেল চালিয়ে আলোচনায় এসেছেন যেসব রাষ্ট্রপ্রধান
আগামী ২৯ ডিসেম্বর বিসিক শিল্পমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী