
প্রায় দেড় বছর কারাবাসের পর দেশে ফিরলো ১২ বাংলাদেশি নৌ-শ্রমিক। এদের মধ্যে একটি শিশু, তিনজন নারী ও আটজন পুরুষ।
ফিরে আসা বাংলাদেশিরা হলেন মহিউদ্দিন, আক্তার, বেলাল হোসেন, শামিম হাওলাদার, সজিব হোসেন, আলামিন হোসেন, হাবিবুর রহমান, আমানউল্লাহ, পাপিয়া খাতুন, চায়না খাতুন, ময়না সর্দার ও শিশু শারমিন আক্তার। এদের বাড়ি ফরিদপুর, নড়াইল, বাগেরহাট, নোয়াখালী ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায়।
শনিবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে আটজন এবং বিজিবির কাছে চারজনকে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। পরে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন আট নৌ-শ্রমিককে এবং বিজিবি সদস্যরা শিশু ও তিন নারীকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দেড় বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যান তারা। পরে সীমান্ত থেকে ভারতের মেদেনীপুর ও পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হলে দেড় বছর সাজা হয় তাদের।
তিনি আরও জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর ট্রাভেল পারমিট এবং স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল পোর্ট থানা আট নৌ-শ্রমিককে গ্রহণ করেছেন বাংলাদেশ নৌযান ফেডারেশনের সভাপতি শাহ আলম। অন্যদিকে শিশুসহ চার নারীকে গ্রহণ করেছে মানবাধিকার সংগঠন রাইটস যশোর।
কে/




