
রাজধানীতে দুই লাখ প্রি-পেমেন্ট বিদ্যুৎ মিটার বসানোর প্রকল্প নিয়েছে সরকার। এ প্রকল্পে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৮৬ কোটি ৫০ লাখ টাকা। ২০২০ সালের ডিসেম্বরে এই প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) তা বাস্তবায়ন করবে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের সভায় ডেসকো এলাকায় অনলাইন স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সরবরাহ ও স্থাপন শীর্ষক প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। অনলাইন স্মার্ট প্রি-পেমেন্ট মিটার হলে বিদ্যুৎ বিল দিতে আর ঝামেলা থাকবে না। গ্রাহক ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবে। বিদ্যুৎ বিলের টাকা ফুরিয়ে গেলে মোবাইলেই সংকেত বেজে উঠবে। বিদ্যুতের লোডও কন্ট্রোল করা যাবে মোবাইলের মাধ্যমে। বর্তমানে পোস্টপেইড মিটারিং সিস্টেমে প্রচুর পরিমাণে বিদ্যুৎ বিল বকেয়া থাকে। ফলে গ্রাহক ও সংস্থা উভয়ই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। কিন্তু অনলাইন প্রি-পেমেন্ট মিটারিংয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে সহজেই।
নতুন প্রকল্পের আওতায় মিরপুর, পল্লবী, আগারগাঁও, কাফরুল, শাহআলী, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, বাড্ডা, উত্তরা, উত্তরখান ও দক্ষিণখান এলাকায় বসবে এসব মিটার। এছাড়া গাজীপুরের টঙ্গী এলাকাও প্রকল্পের আওতায় রয়েছে।
এমকে




