ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

দ্বিতীয় দিনের কর্মবিরতিতে সারাদেশে দুর্ভোগ চরমে

আরটিভি অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৮, ০১:৩৮ পিএম

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনসহ আট দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে সারাদেশে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

দিনাজপুর: দ্বিতীয় দিনের মতো পরিবহন শ্রমিকদের কর্মবিরতি দিনাজপুরেও অব্যাহত রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। গাড়ি না পেয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের ডাকা এই কর্মবিরতিতে দিনাজপুরের আভ্যন্তরীণ রুটসহ সকল রুটে বাস, ট্রাক, মাইক্রোবাস, কারসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গণপরিবহনে ধর্মঘট ডাকলেও শ্রমিকরা সড়কে লাঠিসোটাসহ অবস্থান নিয়ে ব্যক্তিগত গাড়ি চলাচলে বাধা দিচ্ছে। তিন চাকার অটো-টেম্পু চালকদের মারধরসহ মুখে কালি লাগিয়ে দিচ্ছে। শ্রমিকদের এসব কর্মকাণ্ডের ছবি নেয়ার চেষ্টা করলে তারা গণমাধ্যম কর্মীদেরও বাধা দেয়।

বরিশাল: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশালে আজ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বাস চালক ও শ্রমিকরা। সকাল থেকে বরিশালের বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের কোনও বাস ছেড়ে যায়নি। এদিকে কর্মবিরতির কারণে চরম দুর্ভোগে পড়ে যাত্রী সাধারণ। বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের ভোগান্তির অন্ত নেই। এছাড়া বরিশাল নগরীতে থ্রি হুইলার যানবাহন চলাচল শ্রমিকরা বন্ধ করে দেয়ায় এই ভোগান্তি আরও বৃদ্ধি পেয়েছে। শ্রমিকদের পাঁচ লাখ টাকা জরিমানা ও মৃত্যুদণ্ড রেখে যে আইন করা হয়েছে তা সংশোধন করার আহ্বান জানিয়েছে শ্রমিক নেতৃবৃন্দ।

ব্রাহ্মণবাড়িয়া: চলমান পরিবহন কর্মবিরতির প্রভাব পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার জনজীবনে। সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। সেইসঙ্গে বিশেষ করে কাঁচা বাজারে সবজির দাম বেড়েছে কয়েক গুণ। তারপরও বজারে সবজি মিলছে না। অন্যদিকে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। অবরোধের মুখে পড়েছে ছোট যানবাহনগুলো। এতে সড়কের যানবাহন চলাচল নেই বললেই চলে। রোববার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। এরপর থেকেই বন্ধ হয়ে যায় সকল প্রকার যানবাহন চলাচল। পণ্য পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।বিভিন্ন স্থান থেকে পাইকাররা সবজি আনা নেয়া করতে পারছে না। যার প্রভাব পড়ে জেলার বৃহত্তম পাইকারি সবজি বাজার আনন্দ বাজারে।

কুমিল্লা: কুমিল্লায় দ্বিতীয় দিনের মতো পালিত হচ্ছে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। সড়ক পরিবহন আইন ২০১৮ এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সারাদেশের সঙ্গে কুমিল্লায়ও একযোগে পালিত হচ্ছে এ কর্মবিরতি। সোমবার সকালে এই কর্মবিরতি উপলক্ষে কুমিল্লা শহরের শাসনগাছা, চকবাজার, টমসম ব্রিজ ও জাঙ্গারিয়া বাস টর্মিনালসহ জেলার কোনও টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনও যাত্রীবাহী বাস। এমনকি ব্যাটারিচালিত ইজিবাইক, অটো থ্রি-হুইলার থেকে শুরু করে ব্যক্তিগত ও পণ্যবাহী পরিবহনও বন্ধ রয়েছে। সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়কে যান চলাচলে বাধা দেয় পরিবহন শ্রমিকরা। এসময় মহাসড়কের ওপর তারা বিক্ষোভ করে। আট দফা দাবি মানা না হলে মঙ্গলবার বিকেল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখা হবে বলে জানান বিক্ষোভকারীরা। যানবাহন না চলায় যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। যাত্রীরা বলছে এভাবে চলতে থাকলে দেশের পণ্যসামগ্রীরও মূল্য বৃদ্ধি পাবে। দ্রুত সমাধানের দাবি জানান সবাই।

ঝিনাইদহ: শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ঝিনাইদহ জেলা। রাজধানী ঢাকাসহ দেশের সব জেলার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া ঢাকা-কলকাতার রুট ঝিনাইদহ দিয়ে যাচ্ছে না দুই বাংলার কোনও পরিবহনও। চরম ভোগান্তিতে পড়েছে চাকরিজীবীসহ অফিসগামী নানা পেশার মানুষ। মহাসড়কগুলিতে চলছে না বাসসহ কোনও ধরনের পরিবহন, এমনকি যন্ত্রচালিত ছোট-খাটো কোনও বাহনও চলছে না। স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্যও। জেলা থেকে কোথাও যেতে পারছে না সবজিসহ কাচামালবাহী কোনও পরিবহন। জেলার বাস টার্মিনাল, আরাপপুর, চুয়াডাঙ্গা স্ট্যান্ডসহ বিভিন্ন মোড়ে মোড়ে পিকেটিং করছে শ্রমিকরা।

কুষ্টিয়া: সংসদে পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও দ্বিতীয় দিনের মতো ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলছে। আজ সোমবারও কুষ্টিয়া থেকে ঢাকাগামী দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ সকল ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে দ্বিতীয় দিনে কুষ্টিয়ার বাসস্ট্যান্ড মজমপুর গেটে দূরপাল্লার তেমন কোনও যাত্রী দেখা যায়নি। এদিকে, ভোগান্তিতে পড়েছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা। অনেকেই সিএনজি ও অটোরিকশায় কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে যাতায়াত করছে। দ্বিতীয় দিনেও কর্মবিরতি সফল করতে মজমপুর গেটে শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। কুষ্টিয়া জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জানিয়েছেন, সরকারের কালো আইন বাতিল, মামলায় শ্রমিকদের জামিনযোগ্য করাসহ আট দফা দাবি পূরণ না হলে কেন্দ্রীয় সিদ্ধান্তে এ আন্দোলন অব্যাহত থাকবে।

ময়মনসিংহ: সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরির্বতনসহ আট দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে ময়মনসিংহে শ্রমিকদের কর্মবিরতি আজ দ্বিতীয় দিনের মতো চলছে। এতে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। পরিবহন না পেয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকেই বিকল্প পথে অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে যাচ্ছেন। গতকাল রোববার সকাল থেকে শহরের মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল, পাটগুদাম ব্রিজের মোড় এবং কাচিঝুলি টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে কোনও যানবাহন ছেড়ে যায়নি। জেলার কোথাও বাস, ট্রাক, পিকআপসহ সব ধরনের যানবাহন চলাচল করছে না। যাত্রীরা দুর্ভোগের শিকার হলেও আন্দোলনরত শ্রমিকরা বলছেন দাবি না মানলে কর্মবিরতি অব্যাহত থাকবে।

নড়াইল: সংসদে পাশ হওয়া ‘সড়ক পরিবহন আইন-২০১৮’এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবি বাস্তবায়নে সারাদেশের ন্যায় নড়াইলেও ৪৮ ঘণ্টার পরিবহন কর্মবিরতি দ্বিতীয় দিনের মত চলছে। নড়াইল-কালনা-ভাটিয়াপাড়া-ঢাকা মহাসড়ক, নড়াইল যশোর, নড়াইল-খুলনা সড়কসহ জেলার অভ্যন্তরীণ সকল রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

নারায়ণগঞ্জ: সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধন ও আট দফা দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি দ্বিতীয় দিন পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ধর্মঘটের প্রথম দিনে নারায়ণগঞ্জের মহাসড়কে পরিবহন শ্রমিকদের বেশ তৎপরতা ও অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে শেষ হলেও আজ সকাল থেকে শ্রমিকদের তৎপরতা কম দেখা যায়। এছাড়া গতকালের তুলনায় আজ আইনশৃঙ্খলাবাহিনী সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে। শ্রমিকদেরকে বুঝিয়ে সরিয়ে দিচ্ছে। তবে নারায়ণগঞ্জের সড়ক-মহাসড়কে সব ধরনের বাস-ট্রাক বন্ধ রয়েছে। এইদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল মোড়, কাঁচপুর, মদনপুর ও মোঘরাপাড়া চৌরাস্তা ও ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো, রূপসি, গাউছিয়া পর্যন্ত প্রতিটি পয়েন্টে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য মানুষের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। এখানেও মানুষ তাদের গন্তব্যে পৌঁছার একমাত্র ভরসা নিষিদ্ধ যানবাহনের উপর।

রাজশাহী: রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টা কর্মবিরতির দ্বিতীয় দিনেও চলছে মানুষের ভোগান্তি। সংসদে পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে রোববার সকাল ছয়টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার এই কর্মবিরতি শুরু হয়। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এ অঞ্চলের সাধারণ যাত্রীরা। ট্রেনই একমাত্র ভরসা এখন সাধারণ মানুষের। কর্মবিরতির কারণে রাজশাহী কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনও বাস ছেড়ে যায়নি। শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়েছে।

সাভার: সড়ক পরিবহন আইন সংশোধনসহ আট দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতির দ্বিতীয় দিনে সাভার, ধামরাই, আশুলিয়ায় সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। এতে সকাল থেকেই বিপাকে পড়েছে অফিসমুখো যাত্রীরা। সকালে ঢাকা-আরিচা মহাসড়কে রিকশা ছাড়া কোনও গণপরিবহন চলতে দেখা যায়নি। এতে বিপাকে পড়েছেন তৈরি পোশাক শ্রমিক থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে রোগীদের পড়তে হচ্ছে সীমাহীন দুর্ভোগে। শ্রমিকদের হাতে লাঞ্ছিত হবার ভয়ে এদিন ব্যক্তিগত গাড়ি চলাচলও কমে গেছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেছেন, সড়কে যাতে কেউ অরাজকতা করতে না পারে সে ব্যাপারে পুলিশকে সতর্ক রাখা হয়েছে।

আরও পড়ুন :

জেবি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাহাথির মোহাম্মদ, দ্য মুসলিম ম্যান অব দ্য ইয়ার
দ্য মুসলিম ম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। জর্ডান-ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান দ্য রয়্যাল অল আল-বাইত ইনস্টিটিউট ফর ইসলামি থট’র শাখা দ্য রয়্যাল ইসলামিক স্টাডিজ সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বের সবচেয়ে বেশি প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছেন তিনি। ‘দ্য মুসলিম ৫০০’ নামের এই ওয়েবসাইটে  প্রকাশিত একটি প্রতিবেদনে ৯৩ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক সরকার প্রধান হিসেবে দ্বিতীয় বারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হওয়া মাহাথিরের অর্জনগুলো তুলে ধরা হয়। এতে বলা হয়, এই সম্পূর্ণ অসাধারণ মানুষের আছে ৭০ বছরের একটি গতিশীল রাজনৈতিক ক্যারিয়ার। পাশাপাশি তিনি ১৭টি বই প্রকাশ করেছেন। এগুলোর মধ্যে মাত্র দুটি স্মৃতিচারণমূলক। বাকি বইগুলো মালয়েশিয়ার শাসনপদ্ধতি এবং অর্থনৈতিক সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধান সংক্রান্ত। প্রতিবেদনটিতে প্রধানমন্ত্রী হিসেবে মাহাথিরের প্রথম মেয়াদটাকেই বেশি হাইলাইট করা হয়েছে, যা ২২ বছর ধরে স্থায়ী ছিল। এই দীর্ঘ সময়ে তিনি দেশের অর্থনীতি ও শিক্ষা খাতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এনেছেন। এটির শেষে বলা হয়, ৯৩ বছর বয়সী এই রাজনীতিকের আছে দুটি হার্ট অ্যাটাক এবং একটি বাইপাস সার্জারির ইতিহাসও, যেগুলো মোটেও তাকে দমাতে পারেনি। দ্য রয়্যাল ইসলামিক স্টাডিজ সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত এই প্রতিবেদনে ইসরায়েলি সৈন্যের গালে চড় মারা ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমিকে মুসলিম ৫০০ উইম্যান অব দ্য ইয়ার তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ডিসেম্বরে ইসরায়েলি সেনারা বাড়ি থেকে তামিমির ভাইকে ধরে নিতে এলে সে তাদের বাধা দেয়। একপর্যায়ে এক সেনাকে চড় মারে তামিমি। এজন্য তাকে তখন গ্রেপ্তার করা হয়। চলতি বছরের মার্চে বিচার শেষে তামিমিকে আট মাসের কারাদণ্ড দেন ইসরায়েলি আদালত। জুলাই মাসে তাকে মুক্তি দেয়া হয়। আরো পড়ুন :  রাশিয়ায় ভবনে গ্যাস বিস্ফোরণে নিহত চার, নিখোঁজ ৬৮ কে/ এমকে
মাহাথির মোহাম্মদ, দ্য মুসলিম ম্যান অব দ্য ইয়ার
গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে এই নির্বাচন মাইলফলক হয়ে থাকবে: রাষ্ট্রপতি
একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। বললেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় আজ এ কথা বলেন তিনি। খবর বাসস। রাষ্ট্রপতি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে আমি আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি দেশবাসীসহ বিজয়ী সকল প্রার্থীকে। আমি ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের নেতা-কর্মী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলকে, যাদের সক্রিয় সহযোগিতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।’ তিনি বলেন, এ নির্বাচন সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এবং স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন-অগ্রগতির পক্ষে জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন। আবদুল হামিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে নেতৃত্বে ১৯৭১ সালে বাঙালি স্বাধীনতা অর্জন করে। বঙ্গবন্ধু সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি তথা সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। কিন্তু স্বাধীনতা বিরোধীচক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে সে স্বপ্ন স্তব্ধ করে দেয়। গণতন্ত্র ও উন্নয়নের চাকা উল্টোপথে চলতে শুরু করে। তিনি বলেন, দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব দেন। বাংলাদেশ এগুতে থাকে উন্নয়ন ও অগ্রগতির পথে। ২০০১ সালে এ ধারা থেমে গেলেও ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারো শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। তাঁর প্রজ্ঞা ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পার আলোকে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। সার্বিক অর্জনে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব গোটা জাতি এ দু’টি উৎসব অত্যন্ত উদযাপন করবে, ইনশাল্লাহ। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাসিক্ত উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হোক- এ আমার একান্ত কামনা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আরো পড়ুন :  প্রশ্নবিদ্ধ ভোটের ফলাফল নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চায় টিআইবি   এমকে
গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে এই নির্বাচন মাইলফলক হয়ে থাকবে: রাষ্ট্রপতি
প্রশ্নবিদ্ধ ভোটের ফলাফল নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চায় টিআইবি
একাদশ নির্বাচনে দেশের বিভিন্ন অঞ্চলে সহিংসতায় ১৯ জন নিহত এবং বলপ্রয়োগসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ফলে ফলাফল প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এছাড়া রাজধানী ঢাকাসহ সারাদেশে গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘনের যে সব অভিযোগ গণমাধ্যম সূত্রে জানা গেছে, তার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে সংস্থাটি। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সোমবার এক বিবৃতিতে এ দাবি জানান। তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা ও বলপ্রয়োগসহ নির্বাচনী আচরণবিধির বহুমুখী লঙ্ঘনের যেসব অভিযোগের কারণে নির্বাচন ও ফলাফল প্রশ্নবিদ্ধ হয়েছে, তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের ওপর ভিত্তি করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা শুরু থেকেই সব পক্ষের জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করার দাবি জানিয়ে এসেছি। কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি প্রতিদ্বন্দ্বী জোটের প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, হামলা ও নির্যাতনের সংবাদ প্রচারিত হয়েছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। এমনকি নির্বাচনের আগের রাতে এবং নির্বাচনের দিনও এমন হয়রানি চলেছে বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো, এতে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি দেশের জনগণের আস্থাহীনতা সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।’ টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ‘একটি জোটের পোলিং এজেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে ভোটকেন্দ্রে আসতে না পারার অভিযোগের বিষয়টি যেভাবে প্রধান নির্বাচন কমিশনার এড়িয়ে যেতে চেয়েছেন তা একদিকে যেমন বিব্রতকর, অন্যদিকে তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব কার্যকরভাবে পালন করতে পেরেছে কিনা সে উদ্বেগ আরও ঘনীভূত করেছে।’ ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘন করে মধ্যাহ্ন ভোজের বিরতির নামে ভোটগ্রহণ বন্ধ রাখার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে খোদ রাজধানীতেই। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যেভাবে সচিত্র প্রতিবেদন আকারে এ খবর প্রকাশিত হয়েছে তাকে অপপ্রচার বলে উড়িয়ে দেয়ার সুযোগ নেই। এছাড়াও ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই ব্যালট পেপার ভর্তি বাক্স নিয়ে বেরিয়ে যাওয়া, বহু ভোটার ভোট দেয়ার আগেই ব্যালট পেপার শেষ হয়ে যাওয়া, প্রার্থীকে ভোট কেন্দ্রে শারীরিকভাবে লাঞ্ছিত করা ইত্যাদি ঘটনার প্রতিটির সুষ্ঠু তদন্ত হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করে টিআইবি।’ অভূতপূর্ব নির্বাচনের মাধ্যমে সৃষ্ট অভূতপূর্ব ফলাফলের ওপর ভিত্তি করে যে নতুন সরকার গঠিত হবে তার আত্মবিশ্বাস, মর্যাদা, আস্থা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার স্বার্থেই এ তদন্ত অবশ্যকরণীয় বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। আরো পড়ুন :  সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা পি
প্রশ্নবিদ্ধ ভোটের ফলাফল নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চায় টিআইবি
বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করলো যুক্তরাজ্য
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন পর এদেশে অবস্থানরত নাগরিকদেরকে সতর্ক করলো যুক্তরাজ্য সরকার। সোমবার ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় তাদেরকে এই সতর্কতামূলক পরামর্শ দেয়া হয়। এতে বলা হয়, রোববার বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচারণা চলাকালে এবং নির্বাচনের দিন সহিংসতার খবর পাওয়া যায়। রাজনৈতিক সমাবেশে আইন প্রয়োগকারী সংস্থা এবং দলগুলোর মধ্যে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটতে পারে। আপনাদেরকে বড় ধরনের জমায়েত এবং রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলার জন্য পরামর্শ দেয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয় এই বার্তায়। আরও বলা হয়, সাধারণত বাংলাদেশে গমনেচ্ছুদেরকে এক মাসের অন-অ্যারাইভাল ভিসা দেয়া হয় কিন্তু গত ২৪ ডিসেম্বর পাওয়া কিছু প্রতিবেদনের ভিত্তিতে বেশকিছু ভ্রমণকারীকে এর চেয়েও কম সময়ের ভিসা দেয়া হয়েছে। মেয়াদ শেষ হওয়ার পর থাকলে আপনাদেরকে জরিমানা গুণতে হবে। এমনকি ঝুঁকির মুখে পড়তে পারে আপনাদের ভিসা। এদিকে দ্য ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস(এফসিও) ভ্রমণকারীদেরকে বিশেষ প্রয়োজন ছাড়া পার্বত্য চট্টগ্রাম (বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি) এলাকায় ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে এর আওতায় নেই চট্টগ্রাম শহর বা বিভাগটির অন্যান্য জায়গা। ব্রিটিশ সরকারের এই বার্তায় বলা হয়, সম্ভবত বাংলাদেশে একাধিক হামলা চালানোর চেষ্টা করছে সন্ত্রাসীরা। এসব হামলার হুমকিতে আছে দেশটির সব অঞ্চলই। তবে এর আগে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা ব্যর্থ করতে সফল হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। তারা এখন আরও সতর্ক। ভ্রমণের আগে ভ্রমণকারীদেরকে সমন্বিত ভ্রমণ এবং মেডিকেল ইনস্যুরেন্স সংগ্রহ করার পরামর্শও দেয়া হয়েছে এই সতর্ক বার্তায়। প্রসঙ্গত, প্রতি বছর এক লাখ ৫০ হাজারেরও বেশি ব্রিটিশ নাগরিক বাংলাদেশে ভ্রমণ করে। বেশিরভাগ ভ্রমণকারী ঝামেলা ছাড়াই ভ্রমণ করেন। কে/পি
বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করলো যুক্তরাজ্য
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
পরিবহন শ্রমিকদের কর্মবিরতি: ট্রেনে উপচেপড়া ভিড়, ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
তারা মানুষ মারবে আর শাস্তি দেয়া যাবে না?
কর্মবিরতির দ্বিতীয় দিনেও সড়কে ভোগান্তি
শ্রমিকরা অ্যাম্বুলেন্স আটকে রাখায় নবজাতকের মৃত্যু