
ঢাকা জেলার ধামরাইয়ের অদূরে বংশী নদী দখল করে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করে পরিবেশ ও প্রতিবেশ ধ্বংসের বিরুদ্ধে দুদকের নির্দেশে সাঁড়াশি অভিযান চালিয়েছে প্রশাসন।
দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন ১০৬) এমন অভিযোগ আসার পরই এই অভিযান চালানো হয়।
অভিযোগে বলা হয়- অবৈধভাবে উত্তোলিত বালু বিক্রি করে অবৈধ অর্থ উপার্জন ও ঘুষ ভাগাভাগি করছে একটি চক্র। এদিকে অব্যাহত বালু উত্তোলনের ফলে শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে।
এ ভয়ংকর বিপর্যয়কর অবস্থা থেকে রক্ষায় এগিয়ে আসে দুদক। দুদকের এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী’র নির্দেশে আজ (সোমবার, ২৯ অক্টোবর ২০১৮ খ্রি.) ধামরাই উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন ধামরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম। সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান এবং স্থানীয় পুলিশ এ সময় উপস্থিত ছিলেন।
প্রায় সাড়ে ৪ ঘণ্টার এই অভিযানে নদী লুট ও অবৈধ ড্রেজিং’এর কাজে ব্যবহৃত প্রায় ৭০০ ফুট পাইপ উপড়ে ফেলা হয় এবং ৮টি পাম্প মেশিন ধ্বংস করা হয়। অভিযান চলাকালে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। স্থানীয় গ্রামবাসী এ অভিযানকে স্বাগত জানায়।
অভিযান প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী মন্তব্য করেন, বালু উত্তোলনের কারণে নদীর প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হয়ে কৃষি জমি এবং জনবসতি প্রচণ্ড পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছে।
তিনি বলেন, এ অপরাধের পেছনে দায়ী কাঁচা টাকা, যা দুর্নীতিকে পল্লবিত করছে। দুদক এসব দুর্নীতি প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করার জন্য পরিবেশ অধিদপ্তরকে বলা হয়েছে।
আরও পড়ুন :
এসআর




