
বাংলাদেশ কখনই রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠানোর পক্ষে নয়, বাংলাদেশ সবসময়ই সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কূটনৈতিকদের উদ্দেশ্যে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমনটি জানিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিং শেষে সংবাদ সম্মেলনে সংবাদিকদের তিনি এসব বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, কোনো একজন রোহিঙ্গাকে জোর করে ফেরত পাঠানো হবে না। সেখানে যারা যাবেন, তারা নিজের ইচ্ছায় যাবেন।
তিনি বলেন, আমারা বিশ্বাস করি যে কোনো স্থান থেকে আমাদের শুরু করতে হবে। এ প্রত্যাবাসন প্রক্রিয়া ঐচ্ছিকভাবে হতে হবে। তবে সেই সঙ্গে এ প্রত্যাবাসন দ্রুত সময়ের মধ্যে হতে হবে। আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। কিন্তু তারা (রোহিঙ্গা) স্বেচ্ছায় যেতে না চাইলে জোর করে পাঠাব না। অথচ এই বিষয় নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে যে আমরা জোর করে তাদের পাঠিয়ে দিচ্ছি। আমরা আমাদের প্রস্তুতি ঠিক করে রেখেছি, রোহিঙ্গারা স্বেচ্ছায় যেতে চাইলেই পাঠানো হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপিসহ সব রাজনৈতিক দল আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে, এবিষয়ে বিদেশি কূটনীতিকদের জানানো হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণার কথা বলা হয়েছে। এছাড় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ হয়েছে তার তালিকাও দেয়া হয়েছে।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন :
জেএম/এমকে




