
গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের ব্যাংক হিসাব খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেইসঙ্গে তার বিরুদ্ধে উঠা কর ফাঁকির অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করছে সংস্থাটি।
আজ রোববার জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া এ কথা বলেন।
তিনি বলেন, এনবিআরের মাঠ পর্যায়ের অফিসাররা কামাল হোসেনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ পেয়েছেন। কর ফাঁকির তথ্যও কিছুটা তারা উদঘাটন করেছেন।
‘এনবিআরের তদন্তে কর ফাঁকির প্রমাণ পেলে ড. কামাল হোসেনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
মোশাররফ হোসেন ভূইয়া বলেন, তিনি ( ড. কামাল হোসেন) বিরোধী দলের হয়ে নির্বাচন করছেন। এই সময়ে যদি এনবিআর তার ব্যাংক হিসাব খতিয়ে দেখে তাহলে প্রশ্ন উঠতে পারে। কিন্তু আমরা তাতে পিছপা হবো না। কেউ কর ফাঁকি দিয়ে দেশকে ফাঁকি দিতে পারবে না।
এসআর




