
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
আজ বুধবার দুপুরে ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে যান পুলিশ কর্মকর্তারা। সেখানে প্রায় সোয়া ১ ঘণ্টা অবস্থান করেন তারা।
পরে সাক্ষাৎ শেষে পুলিশের মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ওনার নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নিতে এসেছিলাম। এটি নিয়মিত দায়িত্বের (রেগুলার ডিউটি) অংশ। নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবিষয়ে কামাল হোসেনের কোনো পর্যবেক্ষণ আছে কিনা, এসব নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।
ড. কামাল হোসেনের চেম্বারে যাবার সময় ডিসি আনোয়ার হোসেনের সঙ্গে সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান এবং মতিঝিল থানার ওসি ছিলেন।
ড. কামাল হোসেন নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা এ জাতীয় কোনো কথা তিনি বলেননি। তাহলে নিরাপত্তার ব্যাপারে স্বপ্রণোদিত হয়ে এসেছেন কিনা, সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তার জন্য স্বাভাবিক ডিউটির অংশ হিসেবেই আমরা এসেছি।
আরও পড়ুন :
এমকে




