
আমরা জনগণের জন্য কিছু করতে চাই। ইতিমধ্যে আমরা এ খাতের উন্নয়নে কিছু প্রকল্প পাস করেছি। এছাড়া অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে। দেশে ক্যান্সার চিকিৎসার উন্নয়নেও সরকার কাজ করে যাচ্ছে। বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে। বললেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দিনব্যাপী ঢাকা ক্যান্সার সামিট-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
দেশের হাজার হাজার রোগী বিদেশে চিকিৎসা নিতে যান উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের দেশে ভাল চিকিৎসা প্রতিষ্ঠান এবং ভাল সেবা রয়েছে। চিকিৎসার জন্য আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। আমরা দেশের চিকিৎসা খাতকে আরও উন্নত করতে চাই। আমাদের এখানে অবকাঠামো ও দক্ষ জনবলের কিছুটা অভাব রয়েছে। এখন মানুষের উন্নত সেবা নিশ্চিত করার জন্য আমাদের প্রতিটি ক্ষেত্রে কাজ করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীও স্বাস্থ্য খাতের উন্নতি করতে ইতিবাচক।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চস্তরের চিকিৎসা শিক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমাদের পিতা-মাতারা আমাদের উচ্চস্তরে শিক্ষিত করার জন্য অর্থ ব্যয় করেন। দেশের সমস্ত মানুষ আমাদের কাছ থেকে আরও উন্নত পরিষেবা প্রত্যাশা করে। তাই আমাদের সবাইকে জনমুখী হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল আহসান দিদার। এমওএসবির সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, দেশে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতি বছর দেশে প্রায় দেড় লাখ ক্যান্সার রোগী মারা যাচ্ছেন। দেশে আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য দক্ষ জনশক্তি প্রয়োজন।
মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশের সভাপতি অধ্যাপক পারভীন শাহিদা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া অনকোলজি বিভাগের বিভিন্ন দেশ থেকে আগত তিন শতাধিক বিশেষজ্ঞ ডাক্তার।
এসজে




