ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, কারওয়ানবাজার এলাকায় অবৈধ দখল রুখতে পুলিশ ফাঁড়ি বসানোর উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। এর জন্য সিটি করপোরেশনের একটি জায়গা ইতোমধ্যে নির্ধারণও করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কারওয়ানবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।
মেয়র আতিকুল বলেন, একটি গোষ্ঠী ফুটপাত দখল করতে করতে রাস্তাও দখল করেছে। এ রাস্তা, ফুটপাত জনগণের টাকায় হয়েছে। দখল উচ্ছেদের পরও আবার পুনর্দখল হয়, তাই এখানের একটি জায়গা আমরা পুলিশকে দেব পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য। পুলিশ ফাঁড়ি থেকেই এ এলাকার দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
---------------------------------------------------------------
আরো পড়ুন: খুলনায় প্রকাশ্য দিবালোকে যুবককে ছুরিকাঘাতে হত্যা
---------------------------------------------------------------
তিনি বলেন, এ বাজারের বদলে গাবতলী, যাত্রাবাড়ী এবং মহাখালীতে বাজার হবে। এখানকার বাজার কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে। তাদের কিছু দাবি দাওয়া আছে। সেগুলো মিটে গেলেই বাজার সরে যাবে।
এর আগে কারওয়ানবাজার এলাকার ফুটপাত দখল করে গড়ে ওঠা জাতীয় শ্রমিক লীগ তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ড কার্যালয়, ওয়ার্ড কৃষক লীগের কার্যালয়সহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়।
এসএস




