
ফেনীতে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ডের শিকার মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারের জন্য যতদিন নিরাপত্তা প্রয়োজন হবে ততদিনই নিরাপত্তা দেবে সরকার। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, রায়ের সাত দিনের মধ্যে হাইকোর্টে কাগজপত্র আসবে। কাগজপত্র এলে সুপ্রিম কোর্ট দ্রুত নিষ্পত্তি করবেন বলে আশা করি।
তিনি বলেন নুসরাতের পরিবারকে যতদিন নিরাপত্তা দেয়ার প্রয়োজন, ততদিন নিরাপত্তা দেয়া হবে। কেউ তাদের হুমকি দিলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী বলেন, এটি গুরুত্বপূর্ণ মামলা, গুরুত্ব সহকারে শেষ করেছেন প্রসিকিউশন। বিচারহীনতার সংস্কৃতি দূর করার দৃষ্টান্ত হলো এই রায়।
---------------------------------------------------------------
আরো পড়ুন: শিশু গৃহকর্মীর মৃত্যু: মামলার পর গৃহকর্ত্রী গ্রেপ্তার
---------------------------------------------------------------
গতকাল বৃহস্পতিবার নুসরাত হত্যার রায়ে অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ ১৬ আসামির মৃত্যুদণ্ডের রায় হয়। রায় ঘোষণার পর থেকেই নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন নুসরাতের পরিবারের সদস্যরা। তাদের পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, এই রায়ে প্রমাণিত হয়েছে অপরাধী যেই হোক না কেন, সাজা পেতেই হবে। এ রায় আইনের শাসন প্রতিষ্ঠায় মাইলফলক। জনগণকে আমরা এ বার্তা দিতে চাই, যে যত ক্ষমতাধর হোক না কেন, শেখ হাসিনার সরকার বিচার করবেই।
এমকে




