
সরকার দলীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনসহ ৫০ জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের চিঠিতে অভিযুক্তদের কয়টি ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে কত টাকা এবং কবে কখন কার কার সঙ্গে লেনদেন হয়েছে এবিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
---------------------------------------------------------------
আরো পড়ুন: পেঁয়াজের বাজারে অভিযান, জরিমানা
---------------------------------------------------------------
যেসব ব্যক্তির তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন— ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম, যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক সাঈদ, কৃষক লীগের সভাপতি সফিকুল আলম ফিরোজ, যুবলীগ নেতা জি কে শামীম ও গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক।
এর আগে জ্ঞাত আয়-বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে সামশুল হক চৌধুরী এবং নুরুন্নবী চৌধুরী শাওনসহ ২৩ আওয়ামী লীগ-যুবলীগ নেতার বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা জারি করে দুদক।
এমকে




