
হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলার রায়ে সন্তুস্টি প্রকাশ করেছেন নিহত পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামের মা করিমন নেছা। তিনি দ্রুত এই রায় কার্যকর করার দাবি জানান। এছাড়া দ্রুত বিচার শেষ হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকেই রবিউলের গ্রাম মানিকগঞ্জের আটিগ্রামের সবাই টেলিভিশনের সামনে বসে ছিলেন রায় শোনার জন্য। রায় শুনে তারাও সন্তস্টি প্রকাশ করেন।
করিমন নেছা বলেন, তিন বছর ধরে এদিনের অপেক্ষায় ছিলাম। আজকে যে রায় হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। শিগগির এ রায়ের বাস্তবায়ন হোক এখন এটাই চাওয়া।
তিনি বলেন, এ রায় দ্রুত বাস্তবায়ন হলে মনের ভেতরের বেদনাটা কিছুটা হলেও লাঘব হবে। আমি যেন এ রায়ের বাস্তবায়ন দেখে মরতে পারি। এ রায় কার্যকরের মাধ্যমে আমার বাবার আত্মা শান্তি পাবে।
নম্র, ভদ্র, অমায়িক রবিউল করিম গ্রামের সবার কাছে ছিলেন প্রিয়। সক্রিয় অংশগ্রহণ করতেন গ্রামের সকল সামাজিক কর্মকাণ্ডে। নিজ উদ্যোগে গড়ে তুলেছিলেন প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত স্কুল ব্লুমস (বিকনিং লাইট অর্গাইজেশন অব ম্যানকাইন্ড অ্যান্ড সোসাইটি) ও শিশুদের জন্য নজরুল বিদ্যাসিড়ি নামের একটি কিন্ডারগার্টেন স্কুল। দুটি স্কুলই এখনও চলছে।
পড়াশোনা শেষ করে রবিউল পাড়ি জমান ইতালিতে। কিন্তু দেশের টানে দুই বছর পর ফিরে আসেন দেশে। ৩০ তম বিসিএস পাস করে ২০১২ সালের ৩ জুন রবিউল যোগ দেন পুলিশ বিভাগে। সৎ ও নিষ্ঠাবান অফিসার হিসাবে সুনাম ছিল তার।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন।
এসএস




