
রাজাকারের তালিকা তৈরির ব্যয় সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংবাদ সম্মেলনে কোনও কিছুই বলেননি বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজাকারের তালিকার বিষয়ে গত ১৮ ডিসেম্বর মন্ত্রণালয়ে যে সংবাদ সম্মেলন হয় সেখানে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রায় ১০০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনটি সরকারিভাবে সংরক্ষিত আছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী রাজাকারের তালিকা প্রণয়নের ব্যয় বিষয়ে কোনোকিছুই বলেননি। কিন্তু কোনো কোনো গণমাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যয়ের বিষয়টি প্রচার করছে যা অনভিপ্রেত। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়।
এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনের বরাতে রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

এমকে




