
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ অন্যান্য আহতরা ভাল আছেন। খুব শীঘ্রই তাদের ছেড়ে দেয়া হবে।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তিনি এ কথা জানান।
তিনি বলেন, নুর সার্বিকভাবে ভালো আছে। তার এক্সরেসহ আরও কিছু টেস্ট করানো হবে। সব মিলিয়ে আহতদের কেউ সঙ্কটাপন্ন নেই। দু-একদিন পর মেডিকেল বোর্ড আবার বসবে। তখন তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীর বিষয়ে তিনি বলেন, সে আইসিইউতে আছে। তাকে গতকাল কেবিনে শিফট (স্থানান্তর) করার চিন্তা করা হয়েছিল। তবে অতিরিক্ত দর্শনার্থীর কারণে তাকে আরও একদিন আইসিইউতেই রাখা হয়। এখন সে ভালো রয়েছে। তাকে আজ কেবিনে নেয়া হবে। সে বাসায় যেতে চেয়েছিল। তবে আমরা তাকে আরও একদিন হাসপাতালে রেখে পর্যবেক্ষণ করব।
এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভিপি নুরসহ অন্য আহতদের চিকিৎসায় ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, রোববার দুপুরে ডাকসুতে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার সময় হামলার শিকার হন নুরুল হক। হামলায় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরাও আহত হন।
এসএস




