
যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে পরিবেশ ও বায়ুদূষণকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর নিকেতন, মহানগর প্রজেক্ট এবং বনশ্রী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসির মহাখালী অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এবং প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হামিদ মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভ্রাম্যমাণ আদালত চলাকালে সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী রাখা এবং বায়ুদূষণের অভিযোগে স্থানীয় সরকার আইন (সিটি কর্পোরেশন), ২০০৯ অনুযায়ী ডিএনসিসির এক ঠিকাদারসহ চারজনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেয়র বায়ুদূষণ সম্পর্কে সচেতন করতে পথচারীদের মাঝে প্রচারপত্র বিলি করেন।
এ সময় মেয়র বলেন, সকল উন্নয়ন কাজ, নির্মাণকাজ কমপ্লায়েন্স মেনে করতে হবে। কমপ্লায়েন্স না মেনে উন্নয়ন কাজ সিটি কর্পোরেশনের হলেও ছাড় দেয়া হবে না।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার সাইদ আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর মঞ্জুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসজে




