
শীতের সকালে নরম আলোয় গণভবনের সবুজ মাঠ খেলাধুলায় মেতে আছে স্কুলের ছোট্ট শিশুরা। পরম মমতায় ‘সহপাঠী’র মতো তাদের সঙ্গে খেলায় মেতেছেন টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
কখনও শিশুদের দোলনায় বসিয়ে দোল খাওয়াচ্ছেন, আবার কখনও বুকে টেনে নিয়ে স্নেহের পরশ বুলিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা। সরকার প্রধানের এমন স্নেহভরা সঙ্গ দেখে আনন্দে আত্মহারা শিশুরাও।
এরপর সেখানে থাকা দেশের বিভিন্ন স্কুলের এসব শিশুদের গণভবন মাঠে ডেকে নিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সব শিশুদের সঙ্গে ফটোসেশন শেষে তাদের ঘুরে দেখতে ও খেলাধুলা করতে বলেন।
শিক্ষার্থীদের জড়িয়ে আদর করেন মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুযোগ পেয়ে শীতের সকালের সূর্যের নরম আলোয় দৌড়াদৌড়ি, ছুটোছুটি, হৈ-হুল্লোড়, খেলাধুলায় মেতে ওঠে শিশুরা। পাখির কিচির-মিচিরের মতো তারাও গণভবন চত্বরের সবুজ মাঠকে বেশ কিছু সময়ের জন্য সরব করে তোলে।
ভেতরের সবুজ মাঠের নির্মিত বেশ কয়েকটি দৃষ্টিনন্দন কুড়ে ঘর, স্লাইডে পিছলে পড়া, দোলনায় দোল খাওয়া, ট্র্যাম্পলিন এ লম্ফ-ঝম্ফসহ বিভিন্ন ধরনের খেলায় মেতে ওঠে শিশুরা।
সেখানে থাকা কয়েকটি প্রতিবন্ধী শিশুকেও বুকে টেনে নেন প্রধানমন্ত্রী। তাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসজে




