
পটুয়াখালীর কুয়াকাটা পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় দলের ১৩ নেতাকর্মীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গেলো শনিবার সকালে পৃথক পৃথক সভায় তাদেরকে চূড়ান্ত বহিষ্কারের জন্য কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করে পাঠিয়েছে পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ।
পরে তাদের সুপারিশ আমলে নিয়ে গতকাল রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ১৩ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়।
বহিষ্কারকৃতরা হলেন, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সদস্য আবদুর রব মাঝি, আবদুর হক মাঝি, মো. রমজান আলী বিশ্বাস, এম এ বারি আজাদ, মো. আবু হানিফ, মো. ছগির মোল্লা, মো. খোকন বিশ্বাস, মো. আলী হাওলাদার। লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাইদ ফকির, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন কাজী, সদস্য মো. সেকান্দার মাঝি, আ. মান্নান বেপারী ও লতাচাপলী ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম ফকির।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার বলেন, নির্বাচনে যখন নৌকা মার্কার প্রার্থী আ. বারেক মোল্লা দেখছেন তার জনসমর্থন শূন্যের কোঠায় তাই তিনি আমার পক্ষের লোকজনকে দল থেকে একে একে বহিষ্কার করছে।
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার জানান, কুয়াকাটা পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কুয়াকাটা ও লতাচাপলী ইউনিয়নের ১৩ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জেবি




