
এক বছর মেয়াদের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কমিটি ২ বছর চার মাস ২৩ দিন পর বিলুপ্ত করা হয়েছে।
বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক পদপ্রত্যাশীদের কাছ থেকে আগামী সাত কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। শাখা ছাত্রলীগের তত্ত্বাবধানে থাকা কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের পৃথক আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে কেন্দ্রীয় সহসম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই পলাশ-রাকিবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক বছর মেয়াদি দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়।কমিটি ঘোষণার দেড় মাস না পেরোতেই ছাত্রলীগ সম্পাদকের ৪০ লাখ টাকার বিনিময়ে নেতা হয়ে আসার অডিও ফাঁস হয়। এরপর ছাত্রলীগ কর্মীরা কমিটিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এমএন/টিআই




