
বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে গাজীপুরের শ্রীপুর থানায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সাবেক এক ছাত্রলীগ নেতা।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন উপজেলার ভিটিপাড়া গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে আশিক বিন ইদ্রিছ। ইদ্রিছ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ছিলেন।
থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে অভিযোগকারী উপজেলার বরমী এলাকায় বসে ওই ভিডিওটি দেখতে পাই। ভিডিওর বক্তব্যে দেশের সরকার ও জনগণকে হেয় করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি এ অভিযোগ দায়ের করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযোগটি এখানও হাতে পাইনি। যেহেতু ঘটনাস্থল শ্রীপুরে না, তাই এখানে এই মামলা রুজু হবে না।
এমএন/টিআই




