
সরকারের কারণেই সারাদেশে সর্বত্র অনিয়ম ও বিশৃঙ্খলার রাজত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৪ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনে ব্যাপক হতাহতের ঘটনায় সরকারই দায়ী। ভোটারবিহীন সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। এ কারণেই সড়ক ও নৌপথসহ সব জনপথে নৈরাজ্য চলছে। সুগন্ধায় লঞ্চে আগুনে এত হতাহত বর্তমান সরকারের দুঃশাসনেরই প্রতিফলন।
তিনি বলেন, সর্বত্র সরকারি দলের দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষের জীবনহানিসহ প্রচণ্ড জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। মানুষ হত্যার বীরত্বে আওয়ামী সরকার দারুন উল্লসিত। সরকারের কারণেই সারাদেশে সর্বত্র অনিয়ম ও বিশৃঙ্খলার রাজত্ব।
বিএনপির এই নেতা বলেন, ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ‘জেনারেল লাইসেন্স’ দেওয়ার কারণে দেশজুড়ে পৈশাচিক, লোমহর্ষক ঘটনার এক ভয়াবহ দুর্দিন বিস্তার লাভ করেছে।
এসময় কক্সবাজারে গৃহবধূর ওপর নির্মম পাশবিকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আরএ/টিআই




