
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতার লোভে বিনাভোটে চেয়ারম্যান হওয়ার জন্য তারা (আওয়ামী লীগ) নিজেরা নিজেরা খুনোখুনি করছে।
সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শেরেবাংলা নগরে জাসাসের নবগঠিত কমিটির সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই বলে কয়েক ধাপে যে ইউপি নির্বাচন হচ্ছে সেখানে প্রায় দেড় শতাধিক খুন হয়েছে। তারা ক্ষমতার লোভে এতটাই মত্ত, বিনা ভোটে চেয়ারম্যান হওয়ার জন্য ভোটার ছাড়া তারা (আওয়ামী লীগ) নিজেরা নিজেরা খুনোখুনি করছে।
তিনি বলেন, রাষ্ট্রপতি যে সংলাপ করছেন, তার উদ্দেশ্যই হচ্ছে আর একটি হুদা মার্কা নির্বাচন, আর একটি রকিব মার্কা নির্বাচন, বিনাভোটে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন করে রাষ্ট্রক্ষমতায় থাকা।
এ সময় বর্তমান সরকার খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার গভীর চক্রান্তের মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা।
আরএ/টিআই




