
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে রাজপথেই ফয়সালা হবে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে যে ষড়যন্ত্র করে দেশ থেকে রাজনীতিকে বিতাড়িত করার চেষ্টা শুরু হয়েছে তার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আমাদের লড়াই এখন বেগবান হয়েছে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে, আমরা সেটি লক্ষ্য করছি। আমরা বিশ্বাস করি, আমাদের এই লড়াই অতি অল্প সময়ে একটা দুর্বার গণআন্দোলনে পরিণত হবে।
আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা বরাবরই লড়াই করেছি, সংগ্রাম করেছি খালেদা জিয়ার নেতৃত্বে। গুরুতর অসুস্থ হয়েও খালেদা জিয়ার মনোবল এখনও দৃঢ়। গণতন্ত্রের প্রতি তার এত আস্থা যে, তিনি এখন পর্যন্ত বন্দি, হাসপাতালে আছেন, অত্যন্ত জটিল রোগে আক্রান্ত হয়ে আছেন। চিকিৎসকরা বলছেন যে, তাকে চিকিৎসা দেওয়ার জন্য বাইরে নেওয়া ছাড়া উপায় নেই। এরপরও তিনি মাথা নত করছেন না।
এসএস/টিআই




