
ঈদে মিলাদুন্নবি উপলক্ষে মহানবি হজরত মুহাম্মদ (সা.) স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল করেছে বিএনপি।
রোববার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজকের এই বিশেষ দিবসটিকে আমরা পবিত্র দিবস বলে মনে করি। কারণ, এই দিনে পৃথিবীতে যিনি আবির্ভূত হয়েছিলেন বিশ্ববাসীর কাছে রহমতস্বরূপ, নিশ্চয়ই তার আজকে যে জন্ম ও মৃত্যু দিবসকে সবাই বিশ্বমানব হিসেবেই বিবেচনা করে, আমরা মুসলমানরা প্রতি মুহূর্ত তাকে স্মরণ করি।
বিএনপির এই নেতা বলেন, তাকে (হজরত মুহাম্মদ) আল্লাহ ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। তার প্রদর্শিত যে পথ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার যে পথ, সেই পথ আমরা কতটুকু মেনে চলি সেটাই আজকে বড় প্রশ্ন। আজকে যদি তার প্রদর্শিত পথ ন্যূনতম মেনে চলতাম তাহলে সমাজে এত অবিচার, এত অন্যায়, এত হানাহানি, এত রক্তপাত, এত প্রতিহিংসা এটা থাকত না।
এ সময় হজরত মুহাম্মদ (সা.) প্রদর্শিত পথ অনুসরণের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনাসভায় জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ শাহ নেছারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় বিএনপির মীর সরাফত আলী সপু, আবদুল খালেক, কৃষক দলের হাসান জাফির তুহিন, উলামা দলের মাওলানা কাজী মো. সেলিম রেজা, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা কাজী আবুল হোসেনসহ অনেকেই বক্তব্য রাখেন।




