
শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম ‘চাইল্ড মেসেজ’ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন ‘শুনো আমাদের কথা’য় অংশ নিয়ে সংসদ সদস্য জি এম সিরাজ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিশুদের স্বার্থে বাজেট বাড়ানো হবে।
শুক্রবার (২১ অক্টোবর) ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘চাইল্ড মেসেজ’ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন ‘শুনো আমাদের কথা’য় তিনি এ কথা বলেন।
সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় কারণ সম্পর্কে এক শিশু জানতে চাইলে তিনি বলেন, তোমাদের শিশুদের মাঝে আমি রাজনৈতিক বক্তব্য দিবো না। তবে তোমাদের বুঝার জন্য বলছি, আমাদের দেশের অন্যতম সমস্যা হচ্ছে, ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট ফেইল্ড যেটার জন্য এই বিদ্যুৎ বিপর্যয় হয়ে থাকে।
আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ১ জানুয়ারি থেকে বিনামূল্যে বই বিতরণ করা হবে কিনা, এক শিশুর এমন প্রশ্নের এই সংসদ সদস্য বলেন, অবশ্যই বিনামূল্যে বই বিতরণ করা হবে। পাশাপাশি অনেক জায়গায় বই বিতরণ করতে গিয়ে শিক্ষার্থীদের থেকে বর্তমানে টাকা আদায় করা হচ্ছে। যেটা বিএনপি ক্ষমতায় গেলে পুরোপুরি বন্ধ করে সারাদেশে বিনামূল্যে বই সরবরাহ করা হবে।
সিরাজ বলেন, ক্ষমতায় গেলে পথশিশুদের জন্য আরও বড় প্রকল্প নিয়ে কাজ করা হবে। এছাড়াও বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জার্মান ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা’র সংবাদকর্মী নীল মিঠু ও চাইল্ড মেসেজে’র নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী প্রমুখ।




