
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি বেশি লোক দেখাতেই নয়াপল্টনের রাস্তায় বিভাগীয় সমাবেশ করতে চায়।
সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে সয়েল কেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করলে মাঠ খালি পড়ে থাকার শঙ্কা রয়েছে। এ শঙ্কা থেকেই বিএনপি সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে রাজি নয়। আমরা তাদেরকে সমাবেশের জন্য উদ্যানের উন্মুক্ত জায়গা দিতে চাচ্ছি। কিন্তু তারা পল্টনের রাস্তায় সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।
কৃষিমন্ত্রী বলেন, বিএনপি আবারও দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা যেকোনো মূল্যে সেটা প্রতিহত করব। এটা আমাদের নৈতিক ও পবিত্র দায়িত্ব। আগামী নির্বাচন পর্যন্ত যেকোনো মূল্যে আমরা সাধারণ মানুষকে সুরক্ষা দেব।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো নাশকতা রোধে তৎপর। এটা কি অপরাধ? মানুষ অরাজকতা চায় না। দেশে আবার মঙ্গা, দুর্নীতি, টাকা লুট, হাওয়া ভবন থেকে নাশকতার পরিকল্পনা হোক জনগণ এটা চায় না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান।




