
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জার্মান রাষ্ট্রদূত ও তাদের ফরেন মিনিস্ট্রির আরেক ভদ্রলোকের সঙ্গে আমাদের একান্ত বৈঠক হয়েছে। এসব বৈঠকের বিষয়গুলো বাইরে না যাওয়াই ভালো।’
রোববার (১১ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রত্যেকটি বিষয় নিজ দেশকে জানানো প্রতিটি রাষ্ট্রদূতের দায়িত্ব। এ কারণে তারা আমাদের সঙ্গে বৈঠক করেন।
তিনি বলেন, যারা বোঝে না তাদের জন্য বলছি, কূটনীতিকদের দায়িত্ব একটি দেশের রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক বিষয় তাদের হেডকোয়ার্টারে জানানো। এ দায়িত্ব পালন নতুন কিছু নয়। এটা আগে থেকে হয়ে আসছে, আজও সেই হিসেবেই হয়েছে।
নয়াপল্টন ছেড়ে গোলাপবাগে সমাবেশ করায় বিএনপির অর্ধেক পরাজয় হয়েছে—আওয়ামী লীগ নেতাদের এমন মন্তব্যের জবাবে বিএনপির এই নেতা বলেন, জয় পরাজয় সিদ্ধান্ত নেবে জনগণ, জনগণ যখন ভোট দেওয়ার সুযোগ পাবেন তখনই বোঝা যাবে কে পরাজয় বরণ করেছেন। এটা কোনো রাজনৈতিক দলের বলার সুযোগ নেই।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।




