
আমরা এই সরকারের পতন ঘটাতে চাই। যদি আপনি (প্রধানমন্ত্রী) পদত্যাগ করেন, তবে পতনের আন্দোলন করার প্রয়োজন নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমন মন্তব্য করেছেন।
বুধবার (২১ ডিসেম্বর) রাজধানীর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপেদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটক নেতাদের মুক্তির দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যদি আওয়ামী লীগ ক্ষমতা না ছাড়ে তবে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যাবে। তখন আমাদের পিছে হঠার আর সময় থাকবে না।
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন- পেশাজীবী নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, অধ্যাপক ডা. হারুন আল রশিদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, অধ্যাপক শামসুল আলম সেলিম, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক রফিকুল কবির লাবু, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক আনিসুর রহমান, অধ্যাপক ড.নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নু, সাংবাদিক রাশেদুল হক, বিপ্লব-উজ জামান বিপ্লব, মির্জা লিটন, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, ইঞ্জিনিয়ার এবিএম রুহুল আমিন, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, অধ্যাপক আবু জাফর খান প্রমুখ।




