
আওয়ামী লীগ কী বলল তা নিয়ে মাথাব্যথা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, দেশকে সঠিক পথে আনতেই বিএনপি ২৭ দফা। আওয়ামী লীগ কী বলল তা নিয়ে মাথাব্যথা নেই। দফাগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলে, সেটিই আমাদের সফলতা।
তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা ও চাহিদা মাথায় রেখেই আমরা কাজ করছি। আমাদের রাজনীতি গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, জীবনের নিরাপত্তা, ভোট ও ভাতের অধিকারের পক্ষে। এসবের বিপরীতে যারা দাঁড়িয়ে আছে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম।
বিএনপির এই নেতা বলেন, বিএনপির ২৭ দফা আগামী বাংলাদেশের স্বপ্ন। এটি রংধনুর মতো। ২৭ দফার মাধ্যমে সব দল, ধর্ম, বর্ণ, ভাষা ও মত একসঙ্গে মিলিত হবে।




