
গাজীপুরে কালিয়াকৈর উপজেলার বোয়ালীতে হাতকড়া ও ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজায় অংশ নেওয়া আলী আজমের বাড়িতে যাচ্ছেন বিএনপি নেতারা।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আলী আজমের বাড়ি পাবুরিয়াচালা গ্রামে যাওয়ার কথা রয়েছে।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিনিধিদলটি আলী আজমের বাড়িতে যাচ্ছেন। তার মায়ের মৃত্যুতে পরিবারটির খোঁজ-খবর নিতে এবং সমবেদনা জানাতে যাচ্ছেন তারা।
প্রসঙ্গত, মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে মায়ের মৃত্যু সংবাদ পেয়ে জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ বাড়ি কালিয়াকৈরের পাবরিয়াচালা এলাকায় হাতকড়া ও ডান্ডাবেড়ি নিয়ে জানাজায় অংশ নেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম। যা নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
উল্লেখ্য, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গত ২৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যালয়ে হামালার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গত ২ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় আলী আজমকে।




