
স্বপ্নের মেট্রোরেল উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রসমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ শোভাযাত্রা করবে ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে ওই শোভাযাত্রা বের হবে। অন্যান্য ইউনিটকে সুবিধাজনক সময়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বুধবার (২৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এই নির্দেশনা দিয়েছেন।
এতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আধুনিক বাংলাদেশের রূপকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় রাজধানী ঢাকার বুকে মেট্রোরেলের সংযুক্তি একটি মাইলফলক। কাঙ্ক্ষিত মেট্রোরেলের যাত্রা নগরীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনবে। মানুষের মূল্যবান সময় সাশ্রয় হবে, জ্বালানি তেল ও গ্যাসের ব্যবহার কমে যাওয়ায় পরিবেশ দূষণ হ্রাস পাবে, শিক্ষার্থীরা সহজ ও সুলভে যাতায়াত করতে পারবে, যাতায়াতে সময় কম ব্যয় হওয়ায় তরুণরা পড়াশুনা খেলাধুলা-সাহিত্যচর্চা ও সৃষ্টিশীল কর্মকাণ্ড পরিচালনায় অধিক সময় পাবে, মানসিকভাবে উৎফুল্ল থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ দেশের ছাত্রসমাজ এবং তরুণ প্রজন্ম কৃতজ্ঞতা প্রকাশ করছে। ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে স্বতঃস্ফূর্তভাবে এই কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দিতে বাংলাদেশ ছাত্রলীগ একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে।




