
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্বৈরাচার নিজেরা ক্ষমতা ছাড়ে না। তাদেরকে বাধ্য করতে হয়। যতই গ্রেপ্তার করা হোক না কেনো, রাস্তায় জনগণ নেমে গেছে। আর তাদের থামানো যাবে না।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে গণমিছিল পূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
খন্দকার মোশাররফ বলেন, আজকের এই গণমিছিল নমুনা। আগামী দিনে জনগণ রাস্তায় নেমে গণঅভ্যুত্থান সৃষ্টি করে সরকারকে বিদায় করবে। আমাদের নেতাকর্মীরা প্রাণ দিয়েছে। সারাদেশে আমাদের ২৪ হাজার নেতাকর্মী আজ জেলে। কিন্তু আমাদের দমাতে পারেনি। এরা ফ্যাসিস্ট এবং স্বৈরাচার। আর আন্তর্জাতিকভাবে হাইব্রিড সরকার নামে পরিচিত। তাদের সঙ্গে দেশের জনগণের কোনো সম্পর্ক নাই। জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নাই।
যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আমাদের বিশ্বাস আজকে গণমিছিলে যেসব জোট ও দল আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে, ঢাকায় কর্মসূচি করেছেন, ওই সকল দলগুলো যুগপৎ ভাবে আগামী ১১ জানুয়ারি গণঅবস্থানের কর্মসূচি দেবেন এবং গণঅবস্থান কর্মসূচিকে সফল করে দ্বিতীয় কর্মসূচি দিয়ে আপনারা এই সরকারের বিদায়ের দুই নম্বর সতর্ক বার্তা উচ্চারণ করবেন।




