
বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মাতুয়াইলে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (২৯ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিএনপি নেতাকর্মীরাও ইটপাটকেল নিক্ষেপ করে।
সোয়া ১২টা থেকে গাড়ি চলাচল শুরু হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। তবে ফের সড়কে থেমে থেমে সংঘর্ষ শুরু হলে পিছু হটে পুলিশ। সড়ক দখলে নিয়েছেন বিএনপি কর্মীরা। ফের যান চলাচল বন্ধ হয়েছে।
সংঘর্ষের এক পর্যায়ে সড়কে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেন বিএনপি নেতাকর্মীরা।
এ সময় মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও যুবদল নেতা সাগর প্রধানসহ ৫ জনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি গোলাম মোস্তফা জানান, সংঘর্ষের ঘটনায় জেলা পুলিশের শাফিউল ইসলাম নামে এক কর্মকর্তা আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির কর্মসূচি ঘিরে সকাল থেকেই সতর্ক পাহারায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি যেসব এলাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে সেসব এলাকায় জলকামান, সাঁজোয়া যান নিয়ে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশকে টহল দিতে দেখা গেছে। যাকেই সন্দেহ হচ্ছে তল্লাশি করা হচ্ছে। বিএনপির এই অবস্থান কর্মসূচি ঘিরে সতর্ক পাহারায় রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক শুক্রবার রাতে বলেছেন, রাজনৈতিক কর্মসূচির নামে রাজধানীর প্রবেশপথ আটকালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কাউকে ঢাকার প্রবেশপথ আটকাতে দেওয়া হবে না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।




