
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের একটি হোটেলে রাজনৈতিক সভায় যোগ দিয়ে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন বাংলাদেশের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (চট্টগ্রাম) খাদিজাতুল আনোয়ার (সনি)। বিষয়টি নিয়ে বাংলাদেশের একটি অনলাইন পোর্টাল খবর প্রকাশ করেছে।
ওই প্রতিবেদনে দাবি করা হয়, মঙ্গলবার রাতে ওমানের রাজধানীতে হাফ্ফা হাউজ মাসকট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসেছিলেন এমপি সনি। ওই হোটেলে তার থাকার কথা ছিল, কিন্তু মিটিং করার কোনো অনুমতি ছিল না। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
বুধবার রাতে মাসকট থেকে সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেন, ওমানের একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেখানে ১৫০ জনের ধারণক্ষমতা ছিল। কিন্তু অনুষ্ঠানে তিন শতাধিক লোক হাজির হয়েছিল। বিষয়টি জানতে পেরে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে। পরে আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করি। এর বাইরে আর কিছু ঘটেনি বলে জানান তিনি।
খাদিজাতুল আনোয়ার আওয়ামী লীগ থেকে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হন। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি শপথ নেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির প্রয়াত সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে।
জানা গেছে, বাংলাদেশ দূতাবাস ওমানের পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার পর মুচলেকায় খাদিজাতুল আনোয়ারকে ছেড়ে দেওয়া হয়।




