
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের ক্রীড়ানক আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা খুনি খন্দকার মোশতাক গং ও সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানের এজেন্ট জিয়াউর রহমান। তাদের পৃষ্ঠপোষকতায় সামরিক বাহিনীর কতিপয় উচ্চাভিলাসী অফিসার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার সারা জীবনের সাহস অনুপ্রেরণা ও শক্তি বেগম মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে মোস্তাক জিয়াচক্র বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে গিয়েছিল।
রোববার (২০ আগস্ট) নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম কামাল হোসেন বলেন, জিয়া রাতের অন্ধকারে বন্দুক ঠেকিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে। বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে। বাংলাদেশের সংবিধানকে বুটের তলায় পৃষ্ঠ করে এবং স্বাধীনতাবিরোধী রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দেয়। শুধু তাই নয়, জিয়াউর রহমান তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সেনাবাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের শত শত অফিসার ও জওয়ানদের হত্যা করে। আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের প্রায় সাড়ে চার লাখ নেতাকর্মীদের গ্রেপ্তার করে গুম করে।
তিনি বলেন, জিয়ার পথ ধরেই খালেদা জিয়া বাংলাদেশকে জঙ্গিবাদের দেশ, দুর্নীতিবাজদের দেশ, খুনিদের দেশ ও অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের গাড়িতে স্বাধীনতার পতাকা তুলে দেন। খালেদা-নিজামীর আমলেই তারেক জিয়া ছায়া প্রধানমন্ত্রী হিসেবে হাওয়া ভবনে বসে বাংলাদেশের জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করে, অস্ত্র চোরাচালানের দেশ হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে। তারেক জিয়ার পৃষ্ঠপোষকতায় বিএনপির আটজন মন্ত্রী-এমপি বাংলা ভাইকে সব ধরনের সহযোগিতা করে। খালেদা-নিজামীর আমলেই বাংলাদেশে কৃষককে বিদ্যুৎ দিতে না পেরে গুলি করে হত্যা করা হয়, মসজিদের নামাজ পড়া অবস্থায় কৃষকলীক নেতা আজমকে হত্যা করে, গোটা বাংলাদেশ খুনের দেশে পরিণত হয়। দ্রব্যমূল্যের দাম বারবার বৃদ্ধি করে হাওয়া ভবন সিন্ডিকেট তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, তারেক জিয়াই হাওয়া ভবনে বসে ২০০৪ সালের ২১ আগস্ট আজকের প্রধানমন্ত্রী সেদিনকার বিরোধী দলের নেত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করার জন্য ৭৫ এর খুনি ও একাত্তরের যুদ্ধাপরাধীদের নিয়ে বৈঠক করে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড নিক্ষেপ করে শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করে।
শোক সমাবেশে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি। সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস ও সঞ্চালনা করেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।




