
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ভণ্ডামি করছে।
শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত ‘নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনই জাতীয় সংকট উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, সরকার ভোট চুরির মাধ্যমে আরেকটা বাকশাল করার জন্য আদালতের রায় পরিবর্তন করেছে। বিচার বিভাগকে দলীয়করণ করেছে। এ রেজিমের সবাই এই ভোট চুরির প্রকল্পের সঙ্গে জড়িত।
তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, মানুষের বাকস্বাধীনতা, জীবনের নিরাপত্তা, গণতন্ত্র, স্বাধীন বিচার ব্যবস্থা ও ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সবার সম্মিলিত প্রচেষ্টায় অগ্রসর হতে হবে।
পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মু. নিজাম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, প্রফেসর লুৎফর রহমান, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল আমসা আমীন, গণ-অধিকার পরিষদের (একাংশ) সভাপতি নূরুল হক নূর, সাধারণ সম্পাদক রাসেদ খান, পেশাজীবী অধিকার পরিষদের নেতাদের মধ্যে অ্যাডভোকেট খালিদ হোসেন, এস আলম, সৈয়দ তানভীর ইউসুফ, সাংবাদিক জি এম রোকনুজ্জামান, মনিরুল মাওলা, অ্যাডভোকেট এম এম মহসীন, মীর আনাস, কাওসার শেখ, মনিরুল মাওলা প্রমুখ।




