
ভোটের দিন সবাই ঘরে থাকার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ভোট বর্জনের লিফলেট বিতরণ কার্যক্রম পূর্ব সমাবেশে তিনি এ আহ্বান করেন।
রেজা কিবরিয়া বলেন, আগামী ৭ জানুয়ারী কেউ সময় নষ্ট করবেন না। পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগ মিলে ভোট দিয়ে দিবে। তাই এই প্রহসনের নির্বাচন থেকে দূরে থাকুন। ভোটের দিন সবাই ঘরে থাকুন।
তিনি বলেন, বর্তমান সরকারের ওপর জণগণের কোনো আস্থা নেই। ভোটার বিহীন এ নির্বাচনে কেউ যাবেন না। এটা কোনো ভোট নয়, আসল ভোট গণভবনে হয়ে গেছে।
ইসিকে নির্বাচন বাতিল করার আহ্বান জানিয়ে রেজা কিবরিয়া বলেন, নির্বাচন বাতিল না করলে পরবর্তী সরকার গঠনের পরে আপনাকে (প্রধান নির্বাচন কমিশনার) দায়ী করা হবে। দেশের পরিস্থিতি সুবিধাজনক নাহলে আপনি নির্বাচনকে স্থগিত করতে পারেন। নির্বাচন ২-৩ মাস পেছান।
সমাবেশ শেষে তারা প্রেসক্লাব ও সেগুনবাগিচা এলাকায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন।




