
তারেক রহমানের উদ্দেশে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, বাংলাদেশের রাজনীতি অনলাইন গেমস নয়। আপনি লন্ডনে বসে বাটন টিপ দেবেন আর ঢাকা শহর নাচতে শুরু করে দিলো, বিষয়টা এমন নয়। সাহস থাকলে দেশে আসুন, রাজনীতির মাঠে নামেন।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে পুরান ঢাকার গেন্ডারিয়ায় গণসংযোগ করার সময় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন মোহাম্মদ সাঈদ খোকন।
ঢাকা দক্ষিণের সাবেক এই মেয়র বলেন, এখন দেশের সাধারণ মানুষ হরতাল-অবরোধ মানে না। তারা নিজ প্রয়োজনে ঠিকই রাস্তাঘাটে চলাচল করছেন। উল্টো যারা লন্ডনে বা ঘরে বসে অবরোধ ধোষণা দিচ্ছেন, তারাই অবরুদ্ধ হয়ে গেছেন।
তারেক রহমানের উদ্দেশে তিনি আরও বলেন, ওখানে বসে বলবেন নির্বাচনে ভোট দেবেন না, এখানে আপনার কথামতো সব হবে না। আমরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মানুষের সেবা করি। তাই দেশের মানুষ অবশ্যই নৌকা প্রতীকে ভোট দেবে।’
মানুষের জীবনমান উন্নয়নের মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, দেশের মানুষ অশান্তি চায় না, জ্বালাও-পোড়াও চায় না। মানুষ এখন কর্মমুখী। নিজের কাজ করে শান্তিতে থাকতে চায়। যার নিশ্চয়তা বিগত দিনে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট চাই।
গণসংযোগকালে নেতাকর্মীদের উদ্দেশ্যে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমার নির্বাচনী আসনের প্রতিটি বাড়িতে প্রিয় নেত্রী শেখ হাসিনা ও আমার সালাম পৌঁছে দিবেন। জনগণের রায় নিয়ে আমি আপনাদের প্রতিনিধিত্ব করবো এবং এ আসন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।




