
বাগেরহাট-৩ আসনে স্ত্রী হাবিবুন নাহারের জন্য নির্বাচনের মাঠে নেমেছেন তারই স্বামী খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তিনি ভোট চাচ্ছেন বলে অভিযোগ ওঠেছে। স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার রিটার্নিংকর্মকর্তার কাছে লিখিতভাবে এ অভিযোগ জানিয়েছেন। এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় রোববার মংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন এই প্রার্থী। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও নির্বাচন কমিশনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইদ্রিস আলী ইজারদার বলেন, আমার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের স্বামী প্রতিমন্ত্রী পদ মর্যাদার খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক প্রতীক বরাদ্দের পরও সরাসরি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে আসছেন। মোংলা-রামপালে (বাগেরহাট-৩) গণসংযোগ, সভা, সমাবেশে যোগ দিচ্ছেন ও নানা কৌশলে তার স্ত্রীর নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও নির্বাচন কমিশনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন, নৌকা প্রতীকের নেতা-কর্মীরা নির্বাচনী পরিবেশ চরমভাবে লঙ্ঘন করে চলেছেন। নৌকার লোকজন প্রতিনিয়ত নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে আমার পোস্টার-পোস্টার ছিড়ছেন, আমার নেতা-কর্মী ও সমর্থকদের নানাভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শনসহ অরাজকতা সৃষ্টি করে নির্বাচন পরিস্থিতির শান্তি শৃঙ্খলা নষ্ট করছেন। এসব বেআইনি কর্মকাণ্ড এখনই কঠোরভাবে বন্ধ করা না হলে সুষ্ঠু নির্বাচন ও ভোট অনুষ্ঠান নিয়ে নানা সংশয় দেখা দিয়েছে।
ইদ্রিস আলী বলেন, ব্যালটে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে হবে বলে নৌকার ভোটারদের মধ্যে ভয়ভীতি ছড়াচ্ছেন। ফলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিয়ে শংকার মধ্যে রয়েছি।
সংবাদ সম্মেলনে উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, বাগেরহাট জেলা পরিষদ সদস্য জলিল শিকদার, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, বুড়িডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, পৌর কাউন্সিল সরোয়ার হোসেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাকিল ও ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শিকদারসহ অন্যান্য নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।




