
নির্বাচনে বাধাদানকারীদের ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, যারা নির্বাচন অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করবে, তাদের নিষেধাজ্ঞা দেওয়া যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত ঘোষণা। ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) সহ যে পাঁচ মার্কিন প্রতিনিধি এখন বাংলাদেশে আছেন, এ বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
তিনি বলেন, বিএনপি কেনো নির্বাচনের বিরুদ্ধে লিফলেট বিতরণ করবে? কেনো অসহযোগ করবে? আসলে নির্বাচনের বিরুদ্ধে শান্তির প্রোগ্রাম হয় না। তারা শান্তিপূর্ণ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের কর্মসূচি পালন করছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংঘাতের আশঙ্কা সবসময় থাকেই। তবে এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। যারাই সংঘাতে জড়াবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, উপদপ্তর সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।




