
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কর্মীদের মারধরের অভিযোগে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জাফরসহ ৩৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মতলব উত্তর ছেংগারচর পৌরসভার সুগন্ধী এলাকায় নৌকার কর্মীরা পোস্টার লাগাতে আসলে আনিসুর রহমান ওরফে কানা আনিস নামের এক ব্যক্তির নির্দেশে সংঘবদ্ধ আসামিরা নৌকার কর্মীদের মারধর করেন এবং তাদের সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইলফোন নিয়ে যান। একই সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি করেন। তারা নৌকার সমর্থকদের মেরে ফেলার হুমকি দেন। তবে মামলায় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদক কাজী জাফরকে আসামি করা হলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি।
এ ঘটনায় নৌকার কর্মী মতলব উত্তর উপজেলার মো. রুবেল (৩৫) ও শাকিল দেওয়ানকে (৩৬) আহত দেখানো হয়। আহতদের পক্ষে ঘটনার দিনই মামলাটি করেন মতলব উত্তর ষাটনল বাড়িভাঙা প্রধানিয়া বাড়ির নিজাম উদ্দিনের ছেলে ও আহত শাকিলের ছোট ভাই জহিরুল ইসলাম। মামলায় ২৭ জনের নাম উল্লেখ ও ১২ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের অংশ পেয়েছে। তবে পত্রিকার সম্পাদকের নামে মামলার বিষয়টি আমার জানা নেই। সম্পাদক ঘটনায় জড়িত না থাকলে তদন্ত করে আইনি প্রক্রিয়ায় তার নাম বাদ দেওয়া হবে।




