
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন ও বিএনপির তিন নেতার সঙ্গে পৃথক বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দল।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ও সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইইউ প্রতিনিধি দলের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন রেবেকা কক্স ও শার্লোট সুয়েবেস।
নগরীর ধোপাদিঘর পাড়ে পররাষ্ট্রমন্ত্রী তার নিজ বাড়িতে সন্ধ্যায় প্রায় দেড় ঘণ্টা ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ।
পরে সংবাদ সম্মেলন করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, ইইউ প্রতিনিধি দলকে বলেছি, বাংলাদেশে ভুয়া ভোট হবে না। দেশে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সরকারের শক্তিশালী কমিশন কাজ করছে। তারা এমন নির্বাচন করবে, যা দুনিয়ার সবাই শিখবে।
বিদেশিরা বাংলাদেশের কাছে অনেক কিছু বিক্রি করতে চায় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ তার জনগণের যা দরকার তাই নেয়। প্রয়োজন না হলে কিছু ক্রয় করে না। সেজন্য কিছু দেশ অসন্তুষ্ট হয়ে নানা অভিযোগ তোলে।
বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে ড. মোমেন ইইউ প্রতিনিধি দলকে জানিয়েছেন, বিএনপির কাউকে গ্রেপ্তার করা হয়নি। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদেরই গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বিকেলে সিলেট বিএনপির শীর্ষ তিন নেতার সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল।
নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, সাবেক সিটি মেয়র ও চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী।
বৈঠকের প্রসঙ্গে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী বলেন, নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ করা হচ্ছে সেবিষয়ে আমরা ইইউ প্রতিনিধি দলকে অবহিত করেছি।
তিনি আরও বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কারগারে আটকে রেখেছে সরকার। সাধারণ মানুষকে জিম্মি বানিয়ে ফের ক্ষমতায় যাওয়ার জন্য ডামি নির্বাচনের আয়োজন করা হয়েছে। এসব বিষয়ে ইইউ প্রতিনিধি দলের কাছে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি।




