
নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ভাসাবি ফ্যাশনসের মালিক কামাল জামান মোল্লাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগ।
ডিবি সূত্র জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নেতা ভাসাবি ফ্যাশনসের মালিক জামানের বিরুদ্ধে মামলার পর তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আগামী ৭ জানুয়ারি দেশে যা হচ্ছে তা হচ্ছে অবৈধ নির্বাচন, তামাশার নির্বাচন, ইমিটেশন নির্বাচন। নির্বাচনের নামে তারা জনগণকে ভেলকিবাজি দিচ্ছে। দেশের মানুষ এমন প্রতারণার নির্বাচন চায় না। নির্বাচনের নামে কোনো প্রহসন চায় না। নির্বাচনের নামে ইমিটেশন নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, ‘নির্বাচন নিয়ে দেশে-বিদেশে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে।’ নির্বাচন নিয়ে চক্রান্ত করছেন আপনারা। বাংলাদেশে ডামি প্রতারণার নির্বাচন আয়োজন করতে প্রতিবেশী দেশ সরাসরি হস্তক্ষেপ করছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তাদের দিয়ে হস্তক্ষেপ করাতে বাধ্য করছেন আপনারা। কিন্তু আপনাদের শেষ রক্ষা হবে না। ডামি ও ইমিটেশনের নির্বাচন দেশের জনগণসহ বিশ্ববাসী মেনে নেবে না।




