
সাকিবের নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিতে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে জাতীয় দলের ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হয়েছে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দান।
শুক্রবার (২৯ ডিসেম্বর) মাগুরা নোমানী ময়দানে মাগুরা জেলা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এ প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।
প্রীতি ম্যাচ খেলতে সকাল সাড়ে ১০টায় মাগুরা নোমানী ময়দানে এসে পৌঁছায় মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানসহ বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা। তাদের আগমনে দর্শকদের মাঝে বাধভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন জাতীয় দলের রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, নাঈম ইসলাম, নাজমুল অপু, মমিনুল হক, সোহাগ গাজী, মিজানুর রহমান, আলাউদ্দিন বাবু ও মোক্তার আলী।
খেলা চলাকালীন সময়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলা দেখতে আসা মাঠের চতুর্দিকে ঘুরে আগত দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রীতি ম্যাচে টস জিতে মাগুরা ক্রিকেট একাডেমি শুরুতে জাতীয় দলের বিপক্ষে ব্যাট করতে নেমে ৮ ওভারে সকল উইকেট হারিয়ে ১১০ রান করে। জবাবে জাতীয় দলের ক্রিকেটাররা কোন উইকেট না হারিয়ে ৬ ওভারে ১১৪ রান তুলে সহজ জয় পায়।
এ ছাড়া ঢাকা থেকে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আসেন সাকিব আল হাসানের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
তিনি বলেন, মাগুরায় এসে নতুন সাকিবকে দেখছি। তার এ নতুন পথচলায় ক্রিকেটের মতো সেরাটাই দিতে পারবে বলে আমি বিশ্বাস করি।




