
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী বলেছেন, ভোটারদের বিভিন্ন কৌশলে কেন্দ্রে নেওয়ার জন্য মরিয়া আওয়ামী লীগ। ভোট কেন্দ্রে না গেলে হত্যা, গ্রাম ছাড়া করার ভয় দেখানো হচ্ছে। কোনো কোনো প্রার্থী হুমকি দিচ্ছেন, ভোট কেন্দ্রে না গেলে নাগরিক সুবিধা বাতিলি করা হবে। এমকি ভোট না দিলে মসজিদ-কবরস্থান বন্ধ করার হুমকিও দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, পাতানো নির্বাচন ঘিরে দেশে অকল্পনীয়, অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল করছে। নৌকা ও ডামি প্রার্থী এবং আইনশৃংখলা বাহিনী-রাষ্ট্রযন্ত্র সব আওয়ামীময় হয়ে গেছে। প্রতিটি জনপদের মানুষ আমি-ডামী প্রার্থী আর তাদের সমর্থক ও প্রশাসনের দলবাজ কর্মকর্তাদের প্রকাশ্য হুমকিতে ভীত।
দেশ এখন দুই ভাগে বিভক্ত বলে মন্তব্য করে তিনি বলেন, একদিকে সাধারণ জনগণ অন্যদিকে ‘আমরা আর মামুরা’। এখন মাফিয়াচক্র নেমে পড়েছে ভোটার হান্টিং মিশনে। কিন্তু ভোট কেন্দ্রে ভোটার আসবে এমন নিশ্চয়তা পাচ্ছে না।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ২৯৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।




