
রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের ১০০ গজের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (৩১ ডিসেম্বর) এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর থেকে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নানাভাবে পাঁয়তারা করছে। প্রতিনিয়ত কর্মীদের ওপর হামলা, হুমকি-ধমকি দিয়ে প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের গাংবথুনদিয়া গ্রামের প্রধান নির্বাচনী ক্যাম্পের ১০০ গজের মধ্যে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের নেতৃত্বে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ ছাড়াও মৃগী ইউনিয়নের নেয়ামতপুর মোড়ে নির্বাচনী প্রচারের গাড়িচালক মো. কলমকে মারধর করে আরজুসহ কয়েকজন। রোববার সকালে তার সমর্থক মোহনপুর গ্রামের মনছের আলীর ছেলে আব্দুর রাজ্জাককে মারধর করে ভয়ভীতি দেখায় নৌকার সমর্থকরা। প্রতিনিয়ত তারা অফিসের সামনে দিয়ে সমর্থকদের উদ্দেশ্যে গালিগালাজ করছেন।
মৃগী ইউনিয়নের চেয়ারম্যান এম এ মতিন বলেন, ফাঁকা গুলি ছুড়ে তারা আমার ওপর দোষ চাপাচ্ছেন। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।
রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




