এমসি কলেজের ঘটনায় শিবিরের বিবৃতি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:০৮ পিএম


এমসি কলেজের ঘটনায় শিবিরের বিবৃতি
ফাইল ছবি

সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে ভিত্তিহীন তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের যৌথ বিবৃতিতে বলা হয়, এমসি কলেজে গতকাল কলেজ প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়। ২৪ এর ছাত্র-জনতা অভ্যুত্থানে শহিদ রুদ্র সেনের নামে সেখানে শিবিরের একটি প্রকাশনা স্টল রয়েছে। শিবিরের কলেজ নেতারা গতকাল সারাদিন ও মধ্যরাত পর্যন্ত তাদের এ আয়োজন নিয়েই ব্যস্ত ছিলেন। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন কর্মী ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কর্মীর মধ্যে যে ঘটনা ঘটেছে, তার সঙ্গে ছাত্রশিবিরের সম্পৃক্ততা নেই।

‘তাৎক্ষণিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি, যে ব্যক্তি আহত অবস্থায় শিবিরের ওপর অভিযোগ উত্থাপন করেছেন, পূর্ব থেকেই নিষিদ্ধ ছাত্রলীগকে সহযোগিতা ও তথ্য সরবরাহের ব্যাপারে তার বিরুদ্ধে কলেজ হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে কয়েকজন শিক্ষার্থী তারসঙ্গে আলাপের জন্য হোস্টেলের নির্দিষ্ট ব্লকে তার রুমে গেলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে আঘাতের ঘটনা ঘটে দুজন আহত হয়। কিন্তু এ ঘটনাকে শিবিরের সঙ্গে জড়িয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে।’

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, যেহেতু ছাত্রশিবিরের গঠনমূলক ও সৃজনশীল কর্মসূচি নিয়ে অনেকেরই গাত্রদাহ রয়েছে এবং সুযোগ পেলেই যারা শিবিরের ওপর দায় চাপাতে চায়, তাদের একটা অংশ এ ঘটনার সম্পূর্ণ দায় শিবিরের ওপর চাপাতে তৎপর রয়েছে। আমরা আরও দেখছি, সিলেটের আঞ্চলিক একটি পীরতান্ত্রিক দল, যারা বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী ছিল তারাও ফ্যাসিবাদের সময়ে করা তাদের অপকর্মের দায় ঢাকার জন্য শিবিরকে অভিযুক্ত করে প্রোপাগান্ডা চালাচ্ছে, যা মূলত ফ্যাসিবাদের পারপাসই সার্ভ করে।

এ অবস্থায় সংগঠনটির নেতারা ঘটনার সুস্পষ্ট প্রশাসনিক তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানান এবং যে সকল মিডিয়া তথ্য-প্রমাণাদি ব্যতিরেকে বিভ্রান্তিকর নিউজ প্রচার করেছে, তাদেরকে প্রকৃত সত্য ঘটনা তুলে ধরে শিবিরের প্রতিবাদটি যথাস্থানে ছাপানোর আহ্বান জানান।  

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission