জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার বলেছেন, যারা মনে করছেন শেখ হাসিনা দ্রুতই দেশে ফিরবে, তাদের জন্য বলতে চাই—শেখ হাসিনা শুধু একটি কারণেই বাংলাদেশে ফিরতে পারেন, তা হলো ফাঁসির দড়ি গলায় ঝোলাতে।
শুক্রবার (২ মে) বিকেল ৪টায় রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যাদের হাতে হাজারো মানুষের রক্ত, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগ গণহত্যা ও স্বৈরশাসনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার বিচার এখন সময়ের দাবি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব বলেন, যেদিন শেখ হাসিনা আমাদের ‘রাজাকার’ বলেছিলেন, সেদিন থেকেই অভ্যুত্থানের সূচনা হয়েছিল। জাতিকে অপমান করার পরিণতি কখনো ভালো হয়নি। আমরা স্পষ্ট করে বলতে চাই, সংবিধানের নামে যদি বাঙালি জাতীয়তাবাদকে মুছে ফেলা হয়, তবে মানবিক অধিকার বলে কিছু থাকবে না।
২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ‘বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক বিপ্লব’ বলে আখ্যা দেন মাহিন সরকার। তিনি বলেন, এই বিপ্লব কেবল বাংলাদেশের নয়, কাশ্মীর ও ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের প্রতিও এক ধরনের আশার বার্তা।
আরটিভি/এআর

