
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনে ধানের শীষ প্রতীকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩; তিন আসনে লড়বেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আর বগুড়া-৬ আসনে বিএনপির কাণ্ডারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসনে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রমে নিষেধাজ্ঞা পাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জের ৩টি আসনেও প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই এ আসনগুলো আলাদাভাবে নজর কাড়ছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে গোপালগঞ্জ-১ আসনে ঘোষণা করা হয়েছে দলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নাম। এছাড়া, গোপালগঞ্জ-২ আসনে মনোয়ন পেয়েছেন ড্যাব নেতা কেএম বাবর। আর শেখ মুজিবুর রহমানের জন্মস্থানখ্যাত গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির কাণ্ডারি হিসেবে মনোনয়ন পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
তবে, যেকোনও সময় এ তালিকায় পরিবর্তন আসতে পারে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে প্রায় ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আরটিভি/এসএইচএম



